Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘাযতীন, সুভাষগ্রামে যাত্রীবান্ধব প্রকল্পের সফল বাস্তবায়ন রেলের, শিয়ালদহ ডিভিশনে শারদীয়ার উপহার

ট্রেন সফর আরও উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক যাত্রীবান্ধব পদক্ষেপ নিয়েছে রেল। এবার ট্রেনে ওঠার আগে টিকিট কাটা কিংবা স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্ম বদলের প্রক্রিয়া আগের তুলনায় মসৃণ করতে সক্রিয় হয়েছে পূর্ব রেল।

বাঘাযতীন, সুভাষগ্রামে যাত্রীবান্ধব প্রকল্পের সফল বাস্তবায়ন রেলের, শিয়ালদহ ডিভিশনে শারদীয়ার উপহার
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেন সফর আরও উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক যাত্রীবান্ধব পদক্ষেপ নিয়েছে রেল। এবার ট্রেনে ওঠার আগে টিকিট কাটা কিংবা স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্ম বদলের প্রক্রিয়া আগের তুলনায় মসৃণ করতে সক্রিয় হয়েছে পূর্ব রেল। দেশের অন্যতম ব্যস্ত ডিভিশন শিয়ালদহ ডিভিশন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই ডিভিশনের আওতাধীন বিভিন্ন স্টেশন দিয়ে চলাচল করে। সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের তরফে বাঘাযতীন ও সুভাষগ্রাম স্টেশনে যাত্রী স্বার্থে কয়েকটি উন্নয়নমূলক কাজ শেষ করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার অন্তর্গত এই দুই স্টেশনে প্রতিদিন যাত্রীদের ভিড় উপচে পড়ে। গরম কিংবা বর্ষায় ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের অনেকক্ষেত্রেই খোলা আকাশের নীচে দাঁড়াতে হত। পুজোর আগেই সেই দুর্ভোগের দিন শেষ। অনেকে বলছেন, রেলের তরফে যাত্রীদের কার্যত শারদীয়ার উপহার দেওয়া হল।

Advertisement

বাঘাযতীন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারের সামনে একটি নতুন যাত্রী শেড তৈরি হয়েছে। তার ফলে এখন বৃষ্টিতে কিংবা রোদে যাত্রীদের আগের মতো ভিজতে কিংবা পুড়তে হবে না। লাইনে দাঁড়িয়ে শেডের ছায়ায় স্বস্তিতে ট্রেনের টিকিট কাটার সুযোগ পাবেন লক্ষ লক্ষ যাত্রী। এছাড়াও প্ল্যাটফর্ম ১ এবং ২-এ স্পষ্ট ও সুদৃশ্য নামের বোর্ড লাগানো হয়েছে। দীর্ঘদিন পুরনো বোর্ড থাকায় তার দৃশ্যমানতা কমতে শুরু করেছিল। 
যাত্রীদের অভিযোগ ছিল, অনেক ক্ষেত্রেই দূর থেকে প্ল্যাটফর্ম নম্বরের বোর্ড দেখা যেত না। অনিয়মিত কিংবা আনকোরা যাত্রী ট্রেনের ঘোষণা শুনে কত নম্বরে গন্তব্যের ট্রেন আসছে, তা নিশ্চিত হতে পারতেন না। বিভ্রান্ত হতেন। সেই ঝঞ্ঝাট আপাতত কাটল। স্বস্তি ফিরল যাত্রীদের মধ্যে। অন্যদিকে সুভাষগ্রাম স্টেশনে ফুট ওভার ব্রিজের উপর শেড নির্মাণের কাজও শেষ হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে লাগাতার আবেদন করা হয়, দুর্ঘটনা এড়াতে রেল লাইন পারাপার করবেন না। ট্রেনের গতি নিরবিচ্ছিন্ন রাখতে সর্বদা যাত্রীদের ফুট ওভার ব্রিজ ব্যবহারের আর্জি জানান রেল কর্তারা। কিন্তু সুভাষগ্রাম স্টেশনের ফুট ওভার ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে রোদ-জল-বৃষ্টিতে কাবু হতে হত যাত্রীদের। ফুট ওভার ব্রিজের মাথায় শেডের কাজ সম্পন্ন হওয়ায় সেই ভোগান্তির স্থায়ী সমাধান হল। এক্ষেত্রে যাত্রীদের ঝুঁকি নিয়ে লাইন পারাপারের ঝোঁক কমবে। ওভার ব্রিজ ব্যবহারের প্রবণতা বাড়বে বলে আশাবাদী রেল কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ