শ্রীনগর, ৬ আগস্ট: জম্মুর উধমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। জখম ৯। তাঁরা সকলেই একটি মিনি বাসে ছিলেন বলে জানিয়েছে পুলিস। আজ, বুধবার সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর শারদা মন্দিরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার কবলে পড়েই পাল্টি খেয়ে যায় সেটি।
সেই দুর্ঘটনাটি দেখে উদ্ধারকাজের জন্য ছুটে আসেন স্থানীয়রা। জখম অবস্থায় দশজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই এক জখম মহিলার মৃত্যু হয়। বাকি ৯ জনের আঘাত গুরুতর বলেই জানিয়েছে পুলিস। তাদের চিকিৎসা চলছে। কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে পুলিস।