দেরাদুন, ২৬ জুন: বদ্রীনাথ যাওয়ার পথে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে ২ জনের। মোট ২০ জন যাত্রী ছিলেন ওই বাসটিতে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিস। ইতিমধ্যেই আটজনকে উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধারের পর জখম বাসযাত্রীদের ভর্তি করা হচ্ছে স্থানীয় হাসপাতালে। সূত্রের খবর, পাহাড়ি রাস্তা দিয়ে বদ্রীনাথ যাওয়ার পথেই কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই বাসের চালক। তারপরেই সোজা নদীতে পড়ে যায় বাসটি। জানা গিয়েছে, নদীতে পড়ে যেতে দেখে ওই বাস থেকেই ঝাঁপ দেন কয়েকজন যাত্রী। তাঁদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। পুলিস জানিয়েছে, ওই বাসে গুজরাত ও রাজস্থান থেকে আসা পুণ্যার্থীরা ছিলেন, যাঁরা চারধাম যাত্রা করছিলেন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।



