Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাক সুব্রত কাপে চ্যাম্পিয়ন পারুল রামকৃষ্ণ সারদা হাইস্কুলের ছাত্রীরা

তারা রাজ্যস্তরের সেমি ফাইনাল পর্যায়ের খেলাতেও অংশ নেয়। গত ৯ জুলাই কলকাতায় ওই খেলাটি হয়

প্রাক সুব্রত কাপে চ্যাম্পিয়ন পারুল রামকৃষ্ণ সারদা হাইস্কুলের ছাত্রীরা
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ৬৪ তম প্রাক সুব্রত কাপের ফুটবল প্রতিযোগিতায় ক্লাস্টারস্তরের খেলায় চ্যাম্পিয়ন হয়ে ফিরল পারুল রামকৃষ্ণ সারদা হাইস্কুলের ছাত্রীদের অনূর্ধ্ব-১৭ দল। তারা রাজ্যস্তরের সেমি ফাইনাল পর্যায়ের খেলাতেও অংশ নেয়। গত ৯ জুলাই কলকাতায় ওই খেলাটি হয়। কিন্তু, সেখানে উত্তর দিনাজপুর জেলার কাছে পরাজিত হয়। তবে, স্কুলের এই সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। শনিবার স্কুলের তরফে জয়ী দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এদিন সেই অনুষ্ঠানে হাজির হয়ে তাদের উৎসাহ দেন আরামবাগের বিডিও সুব্রত মল্লিক, পুরসভার কাউন্সিলার স্বপন নন্দী, স্কুল পরিচালন কমিটির সভাপতি কৃষ্ণপ্রসাদ ঘোষ প্রমুখ। 

Advertisement

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলোতোষ দত্ত বলেন, সীমিত পরিকাঠামোর মধ্যেই আমাদের ছাত্রীরা খেলেছে। রাজ্যস্তরে গিয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে। আগামী দিনে তারা ফুটবলে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা আশাবাদী। স্কুলের তরফে খেলোয়াড়দের এক জোড়া করে বুট দেওয়া হয়েছে। 
স্কুলের ক্রীড়া শিক্ষক বিশ্বজিৎ পোড়েল বলেন, আমাদের স্বপ্ন সুব্রত কাপে দিল্লি পর্যন্ত গিয়ে চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে জেলা ও ক্লাস্টারস্তরে আমাদের ছাত্রীরা খেলেছে। কিন্তু, এবারই প্রথম ক্লাস্টারস্তরে চ্যাম্পিয়ন হয়েছি। আগামী বছরের জন্য আবার ছাত্রীরা প্রস্তুতি শুরু করেছে। 
স্কুল সূত্রে জানা গিয়েছে, পারুল রামকৃষ্ণ সারদা হাইস্কুল এবার সরাসরি জেলাস্তরের খেলায় অংশ নেয়। হুগলির বৈদ্যবাটিতে ওই প্রতিযোগিতা হয়। তাতে জয়ী হয়ে ক্লাস্টার-১ স্তরের খেলায় অংশ নেয়। চন্দননগরে হওয়া ওই খেলায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার টিমকে পরাজিত করে। সেখান থেকে পারুল স্কুল রাজ্যস্তরে অংশ নেয়। ওই প্রতিযোগিতায় অবশ্য উত্তর দিনাজপুরের কাছে পরাজিত হয় পারুলের টিম। 
স্কুল সূত্রে আরও জানা গিয়েছে, এই টিমে প্রথম দিকে অধিনায়িকা ছিল অমৃতা ঘোষ। যদিও সে টুর্নামেন্টের মাঝেই জাতীয়স্তরে খেলায় সুযোগ পেয়ে চলে যায়। তারপর ক্যাপ্টেন হয় মধুমিতা রায়। তার নেতৃত্বেই রাজ্যস্তরের খেলায় মাঠে নামে পারুলের টিম। টুর্নমেন্টে মধুমিতা রায়, অনুশ্রী চোঙদার গোল করে। তারা বাংলা দলের হয়েও খেলেছে। টিমের আর এক সদস্যা দিয়া দত্তও গত বছর অনূর্ধ্ব-১৪ বাংলা দলে খেলেছে। অমৃতা ক্লাস্টার-১ এর খেলার পর গোল্ডেন বুট পেয়ে পুরস্কৃত হয়েছে। এছাড়া গোলকিপার সুপর্ণা রায় গোল্ডেন গ্লাভস পেয়েছে। কিছু খেলোয়াড় আরামবাগে বিশালক্ষী মাতা মহিলা ফুটবল কোচিং ক্লাবের অধীনে প্র্যাকটিস করে এই সাফল্য এনেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ