নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএলের উদ্বোধন। শর্ট টার্ম লিগে ম্যাচের সংখ্যা কমছে। কিন্তু এএফসি’র স্লট পেতে কমপক্ষে ২৪টি ম্যাচ খেলার প্রয়োজন। কিন্তু চলতি মরশুমে কোনও ভারতীয় ক্লাবের পক্ষে সেই কোটা পূরণ করা অসম্ভব। বাধ্য হয়েই ফেডারেশনের তরফে যাবতীয় পরিস্থিতি জানিয়ে এএফসি’কে ই-মেল করা হয়। এশিয়ান ফুটবল কনফেডারেশন কিছুটা নমনীয় হলেও পুরো ছাড় দিতে নারাজ তারা। সরাসরি এএফসি’র স্লট পাবে না কোনও ক্লাব। আইএসএলে ১৩ টি ম্যাচ খেলতে প্রতিটি দল। সুপার কাপ ধরলেও তা কোনওভাবে ২৪টি ম্যাচের ধারেকাছে নেই। যোগ্যতা পর্বের ম্যাচ খেলে ছাড়পত্র আদায় করতে হবে। অর্থাৎ গত মরশুমে আইএসএলের লিগ-শিল্ড ও সুপার কাপ জয়ী দল সরাসরি এসিএল টু’তে খেলার স্লট পেয়েছিল। কিন্তু চলতি মরশুমে তা কোনওমতেই সম্ভব হচ্ছে না। অর্থাৎ সুপার কাপ বা আইএসএল চ্যাম্পিয়নদের খেলতে হবে এসিএল টু’য়ের বাছাই পর্বে।



