সংবাদদাতা, কান্দি: শুধু এবছরের বর্ষা বলে নয়। টানা নয়বছর ধরে প্রতি বর্ষায় জলবন্দি হয়ে পড়ছেন ভরতপুর থানার শল্লাপাড়ার বাসিন্দারা। ওই এলাকায় বিপর্যস্ত নিকাশি ব্যবস্থার কারণেই এই দুর্দশা বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। পঞ্চায়েতের প্রতি উদাসীনতার অভিযোগ এনেছেন তাঁরা। তবে স্থানীয় ভরতপুর পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল বলেন, বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। রাস্তা ও নিকাশি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার ওই এলাকায় গিয়ে দেখা গিয়েছে, প্রধান রাস্তা থেকে কয়েকশো মিটার মাটির রাস্তা ধরে যাতায়াত করছেন বাসিন্দারা। তবে এই ভরা বর্ষায় মাটিও দেখা যাচ্ছে না। রাস্তার গোটাটাই জলে ভরে গিয়েছে। কোথাও এক হাঁটু কোথাও তার থেকে একটু কম। এমনকি পুকুরের নোংরা আবর্জনাযুক্ত জলও রাস্তায় জমা হয়েছে। জমা জলে কিছুক্ষন থাকার পরেই পায়ে জ্বালা ধরছে। তবে ওই এলাকার মহিলা, পুরুষ থেকে স্কুল পড়ুয়াদেরও জমা জলের পেরিয়ে চলাচল করতে হচ্ছে। অনেকে জমা জলে পড়েও যাচ্ছেন। স্থানীয় মুজাহি বিবি জানান, প্রতিবছর প্রায় তিনমাস ধরে এই অবস্থায় থাকতে হয় আমাদের। এই এলাকায় না আছে রাস্তা, না আছে কোন নিকাশি ব্যবস্থা। ফলে আমাদের দুর্দশার অন্ত নেই। জলে নামলেই পায়ে জ্বালা ধরছে।
বাহারুন বিবি বলেন, পায়ে সর্ষের তেল মেখে তবেই জল নামা যাচ্ছে। খালি পায়ে চলাচল করলেই পায়ে ঘা ফোঁড়া হচ্ছে। অনেকের জ্বরও চলে আসছে। শিশুরা বাড়ি থেকে খেলতে পর্যন্ত যেতে পারছে না। প্রবীন দিলওয়ারা বিবি বলেন, এই অবস্থার কথা বারবার পঞ্চায়েতে জানান হয়েছে। কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি।