নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফুটপাতের উপর পার্কিং করা গাড়ি! কোথাও আবার ফুটপাতের উপর ফেলা হয়েছে বাড়ির পুরানো জিনিসপত্র! ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়েই পথচারী থেকে ছাত্রছাত্রীরা হাঁটছেন রাস্তা ধরে। মঙ্গলবার সল্টলেকে এমনই দৃশ্য দেখে হতবাক পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রতিটি জায়গায় দাঁড়িয়ে কড়া ভাষায় নাগরিকদের সচেতন করেছেন তিনি। বেআইনি পার্কিং, ফুটপাত দখল ছাড়াও, শহর পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক ব্যবহার না করা প্রভৃতি বিষয় নিয়েও তিনি এদিন মাইক হাতে ঘুরে বেড়িয়েছেন একাধিক এলাকায়।
এদিন সল্টলেকের ৩৯ নম্বর ওয়ার্ডে সচেতনতা কর্মসূচি নিয়েছিলেন পুরমন্ত্রী। তাঁর সঙ্গে পুলিশও ছিল। মন্ত্রী হ্যান্ড মাইক নিয়ে গাড়িতে বসেই সচেতন করতে করতে এগিয়ে যান। হঠাৎ লক্ষ্য করেন, ফুটপাতের উপর পার্কিং করা হয়েছে গাড়ি। যিনি পার্কিং করেছেন, তাঁকে ডেকে তিনি বলেন, ফুটপাত কি গাড়ি রাখার জায়গা? এটা কোথাকার নিয়ম? কিছুটা দূরে তিনি লক্ষ্য করেন, ফুটপাতের উপর এক ব্যক্তি
বাড়ির পুরানো জিনিসপত্র ফেলে রেখেছেন। তাঁকে ডেকে মন্ত্রী বলেন, ফুটপাতে কেন
ফেলে রেখেছেন এসব? মানুষ তো হাঁটার জায়গা পাচ্ছে না।
কিছুটা দূরে একজন নোংরা ফেলে রেখেছিলেন ফুটপাতে। তার জন্য স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে হাঁটছিল। তা দেখে মন্ত্রী ওই ব্যক্তিকে সতর্ক করে বলেন, আজকের মধ্যে সরাবেন। আপনার জন্য ছাত্রছাত্রীরা ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না। একটি প্রতিষ্ঠানের দারোয়ান চেয়ার নিয়ে বসেছিলেন ফুটপাতে। সেই চেয়ার আবার গাছের সঙ্গে বাঁধা ছিল। মন্ত্রী সেই প্রতিষ্ঠানের সামনে গিয়ে দারোয়ানকে ফুটপাত থেকে সরে যেতে বলেন। এদিন তিনি সিএ মার্কেটেও যান। সেখানে ভেন্ডিং মেশিন থেকে কাপড়ের ব্যাগ নেন। তিনি পরিচ্ছন্নতা নিয়েও প্রচার করেন। জরিমানার বিষয়েও অবগত করেন। ১২০ মাইক্রনের কম প্লাস্টিক ব্যাগ যাতে কেউ ব্যবহার না করেন, তার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।-নিজস্ব চিত্র