Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোল রেলস্টেশন চত্বরে যানবাহন নিয়ে ঢুকলেই নেওয়া হচ্ছে পার্কিং ফি, ক্ষোভ

মালদহের গাজোল রেলস্টেশন চত্বরে যানবাহন নিয়ে গেলেই চালকদের কাছ থেকে পার্কিং ফি নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ওই স্টেশনের অধীনে থাকা রাস্তায় যানবাহন গেলেও পার্কিং ফি তোলা হচ্ছে।

গাজোল রেলস্টেশন চত্বরে যানবাহন নিয়ে ঢুকলেই নেওয়া হচ্ছে পার্কিং ফি, ক্ষোভ
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল রেলস্টেশন চত্বরে যানবাহন নিয়ে গেলেই চালকদের কাছ থেকে পার্কিং ফি নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ওই স্টেশনের অধীনে থাকা রাস্তায় যানবাহন গেলেও পার্কিং ফি তোলা হচ্ছে। পার্কিংয়ের নির্ধারিত ফি দেওয়া নিয়ে টোটো চালকদের বেশি সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে গাজোল ব্লক আইএনটিটিইউসি নেতৃত্ব সম্প্রতি স্থানীয় স্টেশন কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। এনিয়ে তাঁরা ক্ষুব্ধ। তাঁরা টোটো নিয়ে স্টেশন চত্বরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্টেশন থেকে ৫০০ মিটার দূরে যাত্রীদের টোটো থেকে নামিয়ে দেওয়া হবে বলে সংগঠনের সদস্য টোটো চালকরা জানিয়েছেন। এনিয়ে মঙ্গলবার মাইকিং করা হয়। 

Advertisement

সংগঠনের বক্তব্য, স্টেশন চত্বর সবটা জুড়ে পার্কিংজোন হতে পারে না। পার্কিং জোনের এরিয়া ঘোষণা করে ফি কমাতে হবে। না হলে আগামী দিনে আন্দোলন করা হবে। গাজোল রেলস্টেশন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্টেশনে আগে পার্কিং ছিল না। সম্প্রতি পার্কিং জোনের সূচনা হয়। টেন্ডারের মাধ্যমে পাণ্ডব সরকার নামে এক ব্যক্তি পার্কিং জোনের দায়িত্ব পেয়েছেন। বাইক, গাড়ি সহ বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জন্য সময়ের ভিত্তিতে নির্দিষ্ট রেট রয়েছে। তবে, টোটোর রেট নিয়ে বেশি অভিযোগ উঠেছে। যাত্রীবাহী টোটোর জন্য দু’ঘণ্টায় ১০ টাকা, সারাদিনে ৩০ টাকা, মাস ভিত্তিক ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে। আইএনটিটিইউসি’র গাজোল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ বলেন, আমাদের দাবি টোটো চালকরা শ্রমিক। দৈনিক ১০ টাকা ও মাস ভিত্তিক হলে ৩০০ টাকা করতে হবে। স্টেশন সহ রাস্তা পর্যন্ত পার্কিং ফি আদায় করা হচ্ছে। এটা হতে পারে না। এদিন মাইকিং করা হয়েছে। বলা হয়েছে আমাদের শ্রমিক ইউনিয়নের টোটো চালকরা স্টেশন চত্বরে কেউ যাবেন না। ৫০০ মিটার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হবে। গাজোল রেল স্টেশনের আধিকারিক শ্যাম কুমার সিংহ বলেন, রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ টেন্ডারের মাধ্যমে ওই ব্যক্তি পার্কিং নিয়েছেন। বিষয়গুলি তিনিই বলতে পারবেন। রেলের পার্কিংয়ের টেন্ডার নেওয়া ব্যক্তি পাণ্ডব সরকার বলেন, রেলের নিয়ম অনুযায়ী পার্কিংয়ের রেট রয়েছে। ১২ ঘণ্টায় টোটোর রেট ২০ টাকা। তবুও মানবিকতার দিক থেকে দিনে ২০ টাকা নিয়ে ১২ ঘণ্টার বেশি ছাড় দেওয়া হচ্ছে। এনিয়ে কারও অসুবিধা হচ্ছে না। আমি টেন্ডার করে পার্কিং নিয়েছি। নিয়ম মেনেই ফি নিচ্ছি। 
 গাজোল রেলস্টেশন চত্বর। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ