নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ঘটনার তিনদিনের মাথায় বাঁকুড়া সদর থানার বগা গ্রামে শিশুকন্যা ‘নিখোঁজে’র কিনারা করল পুলিস। ১৫ মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মা-বাবাকে। শনিবার গ্রামে তল্লাশি চালানোর সময় ঝোঁপের মধ্যে পুলিস কিছু হাড়গোড় উদ্ধার করে। সেগুলি কোনও শিশুর হাড় বলেই পুলিস জানিয়েছে। হাড় উদ্ধারের পর পুলিস নিখোঁজ শিশুর বাবা প্রশান্ত বাউরি ও মা মণি বাউরিকে চেপে ধরে। টানা জেরার মুখে ভেঙে পড়ে তারা। একরত্তি শিশুকন্যাকে খুনের কথা স্বীকারও করে। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিসের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, স্ত্রী’র বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে প্রশান্ত সন্দেহ করত। ছোট মেয়ে জন্মানোর পর তা নিয়ে মণির সঙ্গে ঝগড়া হতো। কিছুদিন আগে চিকিৎসকরা জানিয়ে দেন, ওই মেয়ে কোনও দিন হাঁটাচলা করতে পারবে না। বিশেষভাবে সক্ষম মেয়েকে নিয়ে দম্পতির মধ্যে আশান্তি আরও বাড়ে। তারপরই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, ধৃত দু’জনেরই বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে আমরা জানতে পেরেছি। সেই কারণে ছোট মেয়ে তার সন্তান নয় বলে প্রশান্ত মনে করত। সেই নিয়ে বেশ কিছুদিন ধরে দাম্পত্যকলহ চলছিল। এরইমধ্যে চিকিৎসক ওই শিশুর অসুস্থতার কথা জানান। তারফলেই বালিশ চাপা দিয়ে মেয়েকে প্রশান্ত খুন করে। মণি খুনের সময় উপস্থিত ছিল। বিষয়টি স্বীকার করায় দু’জনকে আমরা গ্রেপ্তার করেছি। উদ্ধার হওয়া হাড়গোড় নিখোঁজ শিশুর বলেই আমাদের অনুমান। এব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য হাড়ের ফরেনসিক পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে বাড়ির বিছানা থেকে কেউ বা কারা তাদের শিশুকন্যাকে চুরি করে নিয়ে গিয়েছে বলে ওই দম্পতি দাবি করেছিল। তবে তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় পুলিস দু’জনকে থানায় নিয়ে যায়। টানা জেরায় তারা বিভিন্ন রকম দাবি করতে থাকে। তাতে পুলিসের সন্দেহ আরও বাড়ে। এদিন গ্রামের একটি ঝোঁপ থেকে হাড় উদ্ধার হতেই পুলিস ওই শিশুকন্যাকে খুন করা হয়েছে বলে নিশ্চিত হয়ে যায়। জেরায় ভেঙে পড়ে তারা দোষ স্বীকার করে নেয় বলে পুলিসের দাবি।
এক তদন্তকারী আধিকারিক বলেন, ঘটনার রাতে মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের পর দেহ গ্রাম সংলগ্ন ওই ঝোপের মধ্যে ফেলে দিয়ে আসে। ঝোপজঙ্গলে প্রচুর শেয়াল রয়েছে। শেয়ালে দেহটি খেয়ে নিলে প্রমাণ লোপাট হয়ে যাবে বলে ধৃত প্রশান্ত মনে করেছিল। শেয়াল দেহটি খুবলে খেয়েছে। সেই কারণেই শুধু হাড়গোড় পড়েছিল। মেয়েকে খুনের পর টানা তিনদিন ধরে জেরার সময় যেভাবে ওই দম্পতি আমাদের ঘোল খাইয়েছে, তা পেশাদার দুষ্কৃতীদেরও হার মানাবে। ধৃতদের আজ, রবিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। বাঁকুড়া সদর থানার বগা গ্রামে নিখোঁজ শিশুর খোঁজে চলছে তল্লাশি। -নিজস্ব চিত্র