নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভারী বৃষ্টিতে ভাসল পাঁশকুড়া স্টেশনের সব্জি বাজার। সোমবার সকাল থেকেই বাজারে দেড় ফুট উঁচু জল জমে যায়। গাজর, পটল, ঢ্যাঁড়শ সেই জলে ভেসে যাচ্ছিল। চাষিরা কোনওরকমে সেসব আগলে উঁচু ঢালাই রাস্তার উপর জড়ো করেন। সব্জি রাখার ক্রেট উল্টে কেউ কেউ তার উপর কচু রেখে বসে পড়েছিলেন। প্রতিদিন ভোর ৫টা থেকেই সব্জি বিক্রেতারা বাজারে চলে আসেন। এদিনও তাই এসেছিলেন। সে সময়ে নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। বেহাল নিকাশির জেরে এক থেকে দেড় ফুট পর্যন্ত জল জমে যায়। সেই জলে ভেসে যাওয়া সব্জি আটকাতে নাজহাল হতে হয় বিক্রেতাদের।উল্লেখ্য, পাঁশকুড়া স্টেশন সব্জি বাজার থেকে প্রতি বছর জেলা পরিষদ এক কোটি টাকা লেভি আদায় করে। আগামী তিন বছর লেভি আদায়ের জন্য এজেন্সি নিয়োগ করতে ১৬ জুলাই নিলাম ডেকেছে জেলা পরিষদ। প্রথম বছরের জন্য ৮৯ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা বেস প্রাইস রাখা হয়েছে। তার উপর নিলাম হবে। পরবর্তী দুই বছর মোট অর্থরাশির উপর পাঁচ শতাংশ মূল্য বাড়ছে। কিন্তু প্রশ্ন হল, যে বাজার থেকে বছরে কোটি টাকা রাজস্ব আদায় হয় তার পরিকাঠামো এমন বেহাল কেন? নিকাশি থেকে পানীয় জল, শৌচালয় সবই বেহাল। বৃষ্টি হলেই জল থই থই করে বাজার। সব্জি নষ্ট হয়। জলযন্ত্রণা থেকে রেহাই পেতে কয়েকজন ব্যবসায়ী গোডাউন উঁচু করেছিলেন। এদিন সকালে সেই উঁচু গোডাউনেও জল ঢুকে যায়।



