Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেকে জয়ে চোখ পানোসের

ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে মরিয়া মোহন বাগান। কোচ পানাজিওটিসের ফুটবল দর্শন নিয়ে বিস্তারিত পড়ুন।

অভিষেকে জয়ে চোখ পানোসের
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: বৃহস্পতিবার বেলা গড়াতেই কলকাতার আকাশে মেঘ সরিয়ে সূর্যের উঁকি মারা। মা-ঠাকুমারা সঙ্গেসঙ্গে ছাদের দড়িতে কাচা কাপড় মেলতে ব্যস্ত। তবে আশঙ্কাও রয়েছে, আবার বৃষ্টি হবে না তো? ঠিক একই অবস্থা মোহন বাগানের। শনিবার ডার্বি দিয়ে ডুরান্ড কাপে পথ চলা শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। আশা, চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অভিযান মধুর করা। আর আশঙ্কা? ডার্বিতে এখনও পর্যন্ত অপরাজেয় আন্তোনিও লোপেজ হাবাসের স্ট্র্যাটেজির কাছে আটকে যেতে হবে না তো? 

Advertisement

বড়ো ম্যাচের আগে প্রস্তুতির তেমন সময় পায়নি মোহন বাগান। তা সত্ত্বেও আশাবাদী নবাগত কোচ পানাজিওটিস। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘খুব বেশি অনুশীলন করানোর সুযোগ মেলেনি। তা সত্ত্বেও আমার বিশ্বাস, ফুটবলাররা সেরাটা উজাড় করে দেবে। আমার ফুটবল দর্শনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রত্যেকে।’ ভারতীয় ফুটবলে  হাবাসের অভিজ্ঞতা এক দশকেরও বেশি। ২০১৪ সালে আইএসএলের প্রথম মরশুম থেকেই তিনি দেশের ফুটবলের সঙ্গে যুক্ত। সেই নিরিখে কলকাতা ফুটবল সম্পূর্ণ অচেনা পানাজিওটিসের কাছে। তবে আক্রমণাত্মক ফুটবল দর্শন থেকেই সরে আসতে নারাজ তিনি। গ্রিক কোচের কথায়, ‘পাসিং ফুটবলের মাধ্যমে বল পজেশন বজায় রাখাই হবে প্রথম লক্ষ্য। ভালো ফুটবল খেলে সমর্থকদের মন ভরাতে চাই। জিততে মরিয়া ফুটবলাররা।’ পাশাপাশি বাস্তবের কঠিন চ্যালেঞ্জ সম্পর্কেও ওয়াকিবহাল হোমার-হেরোডোটাসের দেশের কোচ। মরশুমের প্রথম ম্যাচই ডার্বি। চাপ তো পাহাড়প্রমাণ। সম্প্রতি কালীঘাট এমএসের বিরুদ্ধে ঘরোয়া লিগের ম্যাচে সিনিয়র ফুটবলারদের ফিটনেসের ঘাটতি তিনি নিজেই ভিআইপি বক্স থেকে দেখেছেন। কয়েকদিনের অনুশীলনে তা মেটানো সম্ভব নয়। বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সার্বিয়ান মিডিও ডেজান ড্র্যাজিচ। তবে ম্যাচ ফিট হতে তাঁর এখনও ঢের সময় লাগবে। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো। ফলে ডার্বিতে দুই বিদেশিকে খেলানো হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার সকালে নেবেন পানাজিওটিস।
মর্যাদার ম্যাচে পালতোলা নৌকার ভরসা ভারতীয় ফুটবলাররাই। ড্র্যাজিচকে পরিবর্ত হিসেবে নামানো হতে পারে। শুক্রবার অনুশীলনে সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধদের সঙ্গে আলাদা করে আলোচনা করেন গ্রিক কোচ। ম্যাচ সিচুয়েশনে দুই উইঙ্গার লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরিকে বাড়তি দায়িত্ব নিতে বলা হয়েছে। মাঝমাঠে খেলা তৈরির দায়িত্ব থাকবে সাহালের কাঁধে। আর লক্ষ্যভেদে মোহন বাগানের ভরসা মনবীর সিং। ঘরোয়া লিগে গোল পেয়েছেন তিনি। ডার্বিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মুখিয়ে আদতে উইঙ্গার মনবীর। 
সম্ভাব্য একাদশ: বিশাল, অভিষেক, রাহুল, মেহতাব, শুভাশিস, আপুইয়া, অনিরুদ্ধ, সাহাল, লিস্টন, কিয়ান ও মনবীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ