সংবাদদাতা, কালিয়াচক: জল বাড়তেই ভাঙন শুরু কালিয়াচক-তিন ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপমণ্ডল পাড়ায়। যার জেরে আতঙ্কিত বাসিন্দারা। এলাকায় পৌঁছেছেন সেচদপ্তরের আধিকারিকরা। তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। গোলাপ মণ্ডল পাড়ার ৬৫০ মিটার এলাকাজুড়ে ভাঙন হচ্ছে। ভাঙন হলে ক্ষতিগ্রস্ত হন বাসিন্দারা। ফসলি জমি থেকে ভিটেমাটি গঙ্গায় তলিয়ে যায়। সব মিলিয়ে তাঁরা চিন্তিত।
স্থানীয় বাসিন্দা কমল মণ্ডল, রমেশ সরকার, অনিমেষ সরকারের দাবি, শুক্রবার রাত থেকে বিক্ষিপ্ত ভাঙন শুরু হয়। এখনও ভাঙন হচ্ছে। সকালেই আমরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলাম। যাতে তাঁরা আগাম ব্যবস্থা গ্রহণ করে। দুপুরের দিকে ফের জোরালো ভাঙন শুরু হয়। বিষয়টি জানতে পেরে সেচদপ্তরের আধিকারিক সহ ইঞ্জিনিয়াররা এলাকায় এসেছিলেন। সময়মতো কাজ হচ্ছে না বলে আমরা ইঞ্জিনিয়ারকে ঘিরে ক্ষোভ জানিয়েছি। ওই এলাকার আরএক বাসিন্দা বাবর আলি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আমরা আগেভাগেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের কথায় কর্ণপাত করেনি। শুক্রবার রাত থেকে ভাঙন শুরু হয়েছে। আগাম ব্যবস্থা না নেওয়া হলে অনেক মানুষ জমি, ভিটেমাটি হারাবেন। আমরা সেচ আধিকারিকদের কাছে আগাম ব্যবস্থা গ্রহণের আবেদন জানালাম।
এই পরিপ্রেক্ষিতে সেচদপ্তরের এক আধিকারিক জানান, আমাদের একটি টিম ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে ওই এলাকায় গিয়েছিল। এলাকাটিকে ঘুরে দেখা হয়েছে। দ্রুত সেচদপ্তরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ভাঙনে কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তাদের পুনর্বাসন মেলেনি। যার কারণে তাদের অন্যত্র বসবাস করতে হচ্ছে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। নিজস্ব চিত্র