Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ, বন্ধ করে দিল পঞ্চায়েত

জাতীয় সড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল দুই ব্যবসায়ীর বিরুদ্ধে।

সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ, বন্ধ করে দিল পঞ্চায়েত
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: জাতীয় সড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধের নোটিস দিয়েছে গাইঘাটা ব্লকের ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। জানা গিয়েছে, গাইঘাটা থানার পাশে সরকারি জমি দখল করে নির্মাণ করছিলেন ব্যবসায়ী কাঞ্চন দাস ও অসিত দাস। শুধু রাস্তার পাশের সরকারি জমিই নয়, রাস্তার পাশে থাকা জেলা পরিষদের একটি পুকুরের উপরেও নির্মাণ করছিলেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই নিয়ে অভিযোগ পেয়ে দুই ব্যবসায়ীকে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিস দেন পঞ্চায়েত প্রধান।

Advertisement

এবিষয়ে ইছাপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব হাজরা বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অবৈধ নির্মাণের খবর পেয়ে ওই দুই ব্যক্তিকে কাজ বন্ধ রাখার নোটিস দিয়েছিলাম। আপাতত কাজ বন্ধ আছে। পরবর্তীতে এলাকা পরিদর্শন করার পর প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পঞ্চায়েত প্রধান।
সরকারি জায়গা দখল করেই যে অবৈধ নির্মাণ করছেন, তা কার্যত স্বীকার করে নিয়েছেন দোকান মালিক কাঞ্চন দাস। তিনি বলেন, আর পাঁচজন যেভাবে রাস্তার পাশে সরকারি জায়গায় নির্মাণ করেছে, আমিও সেইভাবেই নির্মাণ করেছি। প্রশাসন যদি প্রয়োজন মনে করে তাহলে নির্মাণ ভেঙে দেবে। সেক্ষেত্রে আমার কোনও আপত্তি থাকবে না।
গাইঘাটা থানা এলাকায় যশোর রোডের দু’পাশে একাধিক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। কোথাও জলাশয়ের উপরে নির্মাণ হয়েছে, কোথাও রাস্তার পাশে ফুটপাত দখল করে বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দু’পাশে বেআইনি নির্মাণের ফলে সংকীর্ণ হচ্ছে রাস্তা। ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে প্রশাসনের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ