নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন ধরেই জলযন্ত্রণায় নাজেহাল হতে হচ্ছিল মানুষকে। সমাধানের জন্য পথ অবরোধ ও পঞ্চায়েত অফিস ঘেরাও করেন এলাকার মানুষ। খবর পেয়ে অবরোধ তুলতে যান পঞ্চায়েত প্রধান। তখন প্রধানকেই হেনস্তা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি বাদুড়িয়ার শায়েস্তানগর-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাজিতপুর এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শায়েস্তানগর এলাকায় জল জমার সমস্যা অনেকদিনের। সঠিক নিকাশি ব্যবস্থা নেই। অল্পবৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। আর জল জমে থাকে দীর্ঘদিন ধরে। পঞ্চায়েত বা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা শনিবার সকালে বসিরহাটের কাটিয়াহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলে পঞ্চায়েত অফিসের সামনেও। অবরোধকারীরা প্রধান প্রকাশ সর্দারের সঙ্গে বচসায় জড়ান। শুরু হয় দু’পক্ষের ধ্বস্তাধ্বস্তি। তখন বিক্ষোভকারী মহিলাদের হাতে প্রধানও আক্রান্ত হন বলেও অভিযোগ। বিক্ষোভকারীরা বলেন, কয়েক বছর ধরে আমরা জলযন্ত্রণা ভোগ করছি। ড্রেনের কাজ করার জন্য গ্রাম পঞ্চায়েত কয়েক লক্ষ টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সেই কাজ না করায় টাকা ফেরত যায়। পঞ্চায়েত প্রধান সমস্যার সমাধান না করে আমাদের তেড়ে মারতে আসেন। গালিগালাজও করেন।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান প্রকাশ সর্দার। তিনি বলেন, তিনবছর আগে কাজটি করার জন্য কয়েক লক্ষ টাকা বিডিও অফিস থেকে পাস করিয়েছিলাম। কিন্তু এলাকার কোনও বাসিন্দা তখন ড্রেন করার জন্য জায়গা দেননি। জমিজটে কাজও হয়নি। ফলে ওই টাকা ফেরত গিয়েছে। আজ মানুষের অসুবিধা হচ্ছে বলেই অবরোধ তুলতে গিয়েছিলাম পুলিসকে নিয়ে। কিন্তু আমাকেই আক্রমণ করেন এলাকার বাসিন্দারা। অবশেষে পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।