২৬ সেপ্টেম্বর, ওয়াশিংটন: বিশ্ব রাজনৈতিক মঞ্চে একের পর এক নাটকীয় পরিবর্তন। দিনকয়েক আগেই চীন-রাশিয়া ও ভারতকে একমঞ্চে দেখা নিয়ে কম জলঘোলা হয়নি। আর এবার হোয়াইট হাউসে বসে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মহম্মদ শাহবাজ শরিফ ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
তবে একাধিক সূত্রে দাবি করা হচ্ছে, এই বৈঠকের আগে বিশ্ব দরবারে নাক কাটা গিয়েছে পাকিস্তানের। কারণ, বৈঠক করতে গিয়ে হোয়াইট হাউসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে শাহবাজ শরিফ ও আসিম মুনিরকে। জানা গিয়েছে, এর পিছনে রয়েছে ‘চিনা কারণ’।
আসলে পাকিস্তানের এই অপমানের জন্য চীন পরোক্ষভাবে দায়ী। কারণ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল মুনির যখন অপেক্ষা করছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প টিকটক চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সারছিলেন। ফলে প্রায় ৩০ মিনিট অপেক্ষার অপমান হজম করতে হয়েছে পাকিস্তানকে।
প্রসঙ্গত, কী নিয়ে এই বৈঠক হয়েছে তা এখনও সরকারি ভাবে স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। অন্যদিকে, বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শাহবাজ ও মুনির চমৎকার মানুষ। ফলে পাক-মার্কিন সখ্য গাঢ় হচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা।