Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী পাকিস্তান, বিদায় শ্রীলঙ্কার

এশিয়া কাপে আশা জিইয়ে রাখল পাকিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরলেন সলমন আগারা।

জয়ী পাকিস্তান, বিদায় শ্রীলঙ্কার
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আবু ধাবি: এশিয়া কাপে আশা জিইয়ে রাখল পাকিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরলেন সলমন আগারা। মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারালেন তাঁরা। সেই সঙ্গে ফাইনালে ওঠার দৌড়ে প্রবলভাবে লড়াইয়ে রইল পাক-ব্রিগেড। অন্যদিকে, দু’ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত শ্রীলঙ্কার। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৩ রান তোলে লঙ্কা বাহিনী। জবাবে ১২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান (১৩৮-৫)।

Advertisement

মরণ-বাঁচনের ম্যাচে জ্বলে উঠলেন শাহিন শাহ আফ্রিদি। ২৮ রানে তিন উইকেট নিলেন বাঁ-হাতি পেসার। মূলত তাঁর দাপটেই দ্বীপরাষ্ট্র আট উইকেটে থামে ১৩৩ রানে। পাঠুম নিশাঙ্কা (৮), কুশল মেন্ডিস (০), কুশল পেরেরা (১৫), অধিনায়ক চরিথ আসালঙ্কা (২০), দাসুন শানাকা (০)— ব্যর্থ। লড়লেন একমাত্র কামিন্দু মেন্ডিস (৫০)। হুসেন তালাত (২-১৮) এবং হ্যারিস রউফও (২-৩৭) বল হাতে সফল। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে টি-২০ ক্রিকেটে রউফের শিকারসংখ্যা ১৩০। তাঁর পরেই শাহিন (১১৪)।
জবাবে ওপেনিং জুটিতে ৪৫ তোলে পাকিস্তান। সাইবজাদা ফারহান ২৪ ও ফকর জামান ১৭ রান করেন। তবে দুই স্পিনার থিকসেনা ও হাসারাঙ্গার জোড়া উইকেটে লড়াইয়ে ফেরে শ্রীলঙ্কা। ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে কঠিন সময়ে হুসেন তালাদ (অপরাজিত ৩২) ও মহম্মদ নওয়াজ (অপরাজিত ৩৮) দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ