রাষ্ট্রসংঘ: আগামী মাসে বৈঠকে বসতে চলেছে এফএটিএ। কোনো রাষ্ট্র সন্ত্রাসে মদত দেয় কি না, তা বিবেচনা করে তালিকা প্রকাশ করে এই আন্তর্জাতিক নজরদারি সংস্থা। এই অবস্থায় নিজেদের স্বচ্ছ্ব ভাবমূর্তি তুলে ধরতে জয়েশ-ই-মহম্মদ প্রধান এবং রাষ্ট্রসংঘ ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহারের মাথার দাম ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা ঘোষণা করেছে ইসলামাবাদ। তবে এসবই যে লোকদেখানো তা সাফ জানিয়ে দিল ভারত। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পারভাথানেনি বুধবার বলেন, ‘৯/১১-এর হামলাকারীরা কোনো গুহা বা অনুর্বর জমিতে লুকিয়ে ছিল না। তবু তারা নিজেদের সব আক্রমণের হাত থেকে বাঁচাতে পেরেছিল। কারণ তারা সক্রিয় থাকার উপযুক্ত পরিবেশ পেয়েছিল।’ এ প্রসঙ্গে তিনি আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এবং খালিদ শেখ মহম্মদের নাম উল্লেখ করেন। তিনি বলেন, ‘এরা কোনো দুর্গম এলাকায় লুকিয়ে ছিল না। বরং সকলের সামনে জনবসতির মধ্যে ডেরা বেঁধেছিল।’ এখনও জঙ্গিরা পাকিস্তানি সরকারের মদত পাচ্ছে বলে অভিযোগ করেছেন হরিশ।



