ইসলামাবাদ: প্রায়দিনই হোয়াইট হাউস থেকে ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর প্রসঙ্গ তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে বিশ্বকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন। এরইমাঝে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশক দার। তাঁর স্পষ্ট বক্তব্য, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের হাত নেই। অপারেশন সিন্দুরের সময় ভারতের সঙ্গে যুদ্ধবিরতির জন্য আমেরিকা বা কোনও তৃতীয় পক্ষের কাছে অনুরোধ জানায়নি ইসলামাবাদ। মাস দুয়েক আগেই যুদ্ধ থামানোর জন্য আমেরিকার কাছে সাহায্য চাওয়ার কথা নিজের মুখে স্বীকার করেছিলেন পাক বিদেশমন্ত্রী। সম্প্রতি পাকিস্তানে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইশক দার বলেন, একথা ঠিক আমরা যুদ্ধবিরতির কথা জানিয়েছিলাম। পাকিস্তান যে শান্তির পক্ষে, সেকথাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল। তবে সেজন্য কাউকে মধ্যস্থতা করতে বলা হয়নি।



