নয়াদিল্লি: পহেলগাঁও ও অপারেশন সিন্দুরের আঁচ পড়ল ভারত-পাক সীমান্তে। ১৪ ভারতীয় পুণ্যার্থীকে ওয়াঘা সীমান্ত থেকে ফেরত পাঠাল পাকিস্তান। গুরুনানকের ৫৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে পাকিস্তানের নানকানা সাহিব যাওয়ার জন্য ২১০০ জন পুণ্যার্থীকে ছাড়পত্র দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেইমতো তাঁরা পাক ভিসা পেয়েছিলেন। ওই পুণ্যার্থীদের মধ্যে ১৪ জন হিন্দু। তাঁরা পাকিস্তানি বংশোদ্ভূত সিন্ধি। পরবর্তী সময়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। মঙ্গলবার ওয়াঘা পেরিয়ে পাকিস্তানে পা রাখার আগেই তাঁদের আটকে দেয় সেদেশের অভিবাসন দপ্তরের কর্তারা। পাক কর্তৃপক্ষ তাঁদের জানায়, ‘আপনারা হিন্দু। শিখ পুণ্যার্থীদের সঙ্গে আপনাদের ঢুকতে দেওয়া হবে না।’ এমনকী তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে।



