নিজস্ব প্রতিনিধি, বারাসত: উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র এখনো চূড়ান্ত নয়। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের মতো ঘটনাও একসময়ে অসম্ভব বলে মনে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমীকরণ বদলেছে। রবিবার হাবড়ার মঞ্চ থেকে সেই প্রসঙ্গ টেনেই পাকিস্তানকে নিয়ে বড়ো মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, উপমহাদেশের সমীকরণ দ্রুত বদলাচ্ছে। আগামী দিনে পাকিস্তানও ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে একটি কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বলেন, ৩৭০ ধারা বিলোপও একসময়ে অনেকে ভাবতে পারেননি। কিন্তু তা হয়েছে। উপমহাদেশেও দ্রুত পরিবর্তন আসছে। তাঁর দাবি, পাকিস্তানের সিন্ধু প্রদেশের একাংশের মানুষ ভারতের সঙ্গে থাকতে চাইছেন। সেই সূত্র ধরেই তিনি ইঙ্গিত দেন, আগামী দিনে উপমহাদেশের রাজনৈতিক মানচিত্রে আরো পরিবর্তন দেখা যেতে পারে। প্রতিবেশী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গও টানেন মন্ত্রী। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়ার ফল আজ বাংলাদেশ এবং পাকিস্তানের পরিস্থিতিতেই স্পষ্ট। বাংলাদেশের মানুষও একদিন উপলব্ধি করবেন, একসঙ্গে থাকাই ভাল ছিল। কারণ, পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এ ধরনের জল্পনা সাধারণত রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ থাকে। সভা থেকে রাজ্যের পূর্বতন তৃণমূলের বিরুদ্ধেও সরব হন দিলীপ।



