দুবাই: বাইশ গজে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলের সঙ্গে পাক ক্রিকেটারদের উত্তেজিত কথোপকথন দেখা গিয়েছিল। পাক দলের কোচ সরফরাজ আহমেদ অভিযোগ জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারদের আচার-আচরণ নিয়ে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি সেই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে সরকারিভাবে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন। উল্লেখ্য, নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও মাথায় রয়েছেন।
রবিবার ফাইনালে বৈভব সূর্যবংশীদের ১৯১ রানে হারিয়ে খেতাব জিতেছে পাকিস্তান। ৩৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে থেমে যায়। গত ১৩ বছরে পাকিস্তান এই প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল। সার্বিকভাবে, যুব এশিয়া কাপে এটা পাকিস্তানের দ্বিতীয় খেতাব। চ্যাম্পিয়ন হওয়ার পর পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংবর্ধনা দেন ক্রিকেটারদের। সেখানেই নাকভি বলেন, ‘ফাইনালে ভারতীয় ক্রিকেটাররা প্ররোচিত করেছে আমাদের ক্রিকেটারদের। এই ঘটনা নিয়ে সরকারিভাবে আমরা আইসিসি’র কাছে অভিযোগ জানাব। রাজনীতি ও খেলাধুলাকে সবসময় আলাদা রাখা উচিত।’ একই অনুষ্ঠানে পাক কোচ সরফরাজ বলেন, ‘ফাইনালে ভারতীয় দলের আচরণ একেবারেই যথাযথ ছিল না, যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী। আমরা অবশ্য সেলিব্রেশন করেছি সঠিক স্পিরিটের সঙ্গে।’
ভাইরাল হওয়া এক ভিডিওতে যদিও ধরা পড়েছে অন্যরকম এক দৃশ্য। ম্যাচের পর আইসিসি অ্যাকাডেমি মাঠ থেকে বেরনোর সময় বৈভবকে শুনতে হয় কটূক্তি। মাঠের বাইরে অপেক্ষা করছিলেন পাক সমর্থকরা। তাঁরা বিদ্রুপ করতে থাকেন বৈভবকে। তবে ১৪ বছর বয়সি কোনও প্রতিক্রিয়া দেখায়নি। ফাইনালে আয়ূষ মাত্রে বাহিনীর জঘন্য পরাজয় নিয়ে বিসিসিআই অবশ্য তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।