নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানের লক্ষ্য ছিল ফের কাশ্মীর অভিযান। এরকমই জানতে পারছে ভারতীয় গোয়েন্দারা। তাই একদিকে পশ্চিম ভারতজুড়ে ড্রোন হামলা চালিয়ে ভারতীয় সেনার দৃষ্টি ঘুরিয়ে রাখার চেষ্টা হয়েছে। সেই সুযোগে প্রবলভাবে নিয়ন্ত্রণরেখায় গুলিযুদ্ধ শুরু করে আবার কাশ্মীরে ঢুকে পড়তে চাইছিল পাক বাহিনী। এমনকী শুক্রবার সকাল থেকে পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের সেনাবাহিনি ফরওয়ার্ড মুভমেন্ট শুরু করে। নিয়ন্ত্রণরেখা লাগোয়া ভারতীয় গ্রামগুলিতে নির্বিচারে গুলি, মর্টার, রকেট লঞ্চার চালিয়ে সাধারণ মানুষকে টার্গেট করার কারণ যাতে তারা ঘরবাড়ি ছেড়ে পালায় এবং নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক বাহিনী ঢুকে সবকিছু দখল করে নিতে পারে। এই লক্ষ্যে কাশ্মীর জুড়ে ড্রোন থেকে মিসাইল হামলা করেছে পাকিস্তান। একাধিক প্রাণহানি হয়েছে। বহু সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে। এমনকী শ্রীনগর এবং অবন্তীপোরায় পাকিস্তান টার্গেট করে হাসপাতাল ও স্কুলকে। ভারতীয় সেনা ও বিএসএফ পাকিস্তানের কাশ্মীর প্রবেশের ছক বানচাল করে দিয়েছে।



