Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পাদিক্কালের সেঞ্চুরি, ছন্দে জাড্ডু-রাহুলও

টিম ম্যানেজমেন্টের উপর থেকে চাপ কমালেন দেবদূত পাদিক্কাল। সাই সুদর্শনের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গা নিয়ে চিন্তা-ভাবনার অবকাশই রাখলেন না তিনি।

পাদিক্কালের সেঞ্চুরি, ছন্দে জাড্ডু-রাহুলও
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: টিম ম্যানেজমেন্টের উপর থেকে চাপ কমালেন দেবদূত পাদিক্কাল। সাই সুদর্শনের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গা নিয়ে চিন্তা-ভাবনার অবকাশই রাখলেন না তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে অনবদ্য শতরান উপহার দিলেন বাঁ-হাতি ব্যাটার। অপরাজিত ১৪২ রানের ইনিংসের মাধ্যমে টেস্ট সিরিজে প্রথম এগারোয় জায়গা নিশ্চিত করলেন তিনি। পাদিক্কাল ছাড়া এদিন পঞ্চাশের বেশি রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাটে। চার নম্বরে নেমে ৬৩ রান করেন তিনি। রিটায়ার্ড হার্ট না হলে আরও বড়ো ইনিংস আসতে পারত জাড্ডুর ব্যাট থেকে। লোকেশ রাহুল (৪০), মানব সুথারকেও (৪১) ছন্দে দেখা গেল। গুরনুর ব্রার অপরাজিত রয়েছেন ৩৬ রানে। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ৩৫৭ তোলে ভারত। যা হোমটিমের ৮ উইকেটে ৩৬৩ রানে ডিক্লেয়ারের চেয়ে মাত্র ছয় রান কম। রবিবার ম্যাচের তৃতীয় তথা শেষ দিন।

Advertisement

এদিনের নায়ক অবশ্য পাদিক্কালই। তিন নম্বরে ব্যাট করার সুযোগ দুর্দান্তভাবে কাজে লাগালেন কর্ণাটকি। জমাট রক্ষণ, স্পিনারদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ফুটওয়ার্ক বোঝাল সর্বোচ্চ পর্যায়ে এবার সুযোগ প্রাপ্য তাঁর। অফ-স্পিনার রমেশ মেন্ডিসকে পুলে বাউন্ডারিতে পাঠিয়ে ১২১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পাদিক্কাল। তারপরই বাকিদের ব্যাটিংয়ের সুযোগ দিতে রিটায়ার্ড আউট হন তিনি। দিনের শেষবেলায় পাদিক্কাল অবশ‌্য ফের ব্যাট করতে নামেন। শেষ পর্যন্ত ১৬৪ বলে ১৪২ রানে নট আউট থাকেন তিনি। তাতে ছিল ১৮টি বাউন্ডারি। শট নেওয়ার ক্ষেত্রে তিনি যেন বাড়তি সময় পাচ্ছিলেন।
চোটের জন্য শুভমান গিল খেলতে না পারায় চার নম্বরে প্রমোশন পান জাদেজা। এদিনের অর্ধশতরান নিশ্চিতভাবেই বল হাতে আত্মবিশ্বাস বাড়াবে তাঁর। জাড্ডুর ইনিংস সাজানো ৭টি বাউন্ডারিতে। রাহুল, মানবও পেলেন রান। শেষপর্বে ঝড় তুললেন গুরনুর। দিনের অন্তিম ওভারে চার ছক্কা হাঁকান তিনি। তবে এই আবহেও যশস্বী জয়সওয়ালের (০) দ্বিতীয় বলেই দায়িত্বজ্ঞানহীনের মতো আউট চিন্তা বাড়াচ্ছে। বাঁ-হাতি পেসারকে চালাতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি। ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পন্থ (২), ধ্রুব জুরেল (১)। এরমধ্যে পন্থ যথারীতি অবিবেচকের মতো মারতে গিয়ে ক্যাচ তুললেন আকাশে। জুরেলকে আবার স্পিনের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখাল না। 
তিন ভারতীয় ব্যাটার এদিন রিটায়ার্ড হার্ট হন। জাদেজা ছাড়া বাকি দু’জন হলেন কুলদীপ যাদব (১) ও সারাংশ জৈন। সার্বিকভাবে এদিনের ব্যাটিং পারফরম্যান্স স্বস্তিতে রাখছে শিবিরকে। ড্রেসিং রুমে জাদেজার অঙ্গভঙ্গি দেখে কোচ গৌতম গম্ভীরের হাসিতে ফেটে পড়া তারই ইঙ্গিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ