Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পাদিক্কালের সেঞ্চুরি, বড়ো রান ভারতের

সাই সুদর্শন চোট পেয়ে ছিটকে না গেলে প্রথম একাদশে জায়গাই হত না তাঁর। সেই দেবদত্ত পাদিক্কালের (১৬৭) দুরন্ত শতরানই গড়ে দিল দুই দলের মধ্যে তফাত। হাফ-সেঞ্চুরি পেলেন লোকেশ রাহুল (৮২) ও ধ্রুব জুরেল (৫১)।

পাদিক্কালের সেঞ্চুরি, বড়ো রান ভারতের
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গল: সাই সুদর্শন চোট পেয়ে ছিটকে না গেলে প্রথম একাদশে জায়গাই হত না তাঁর। সেই দেবদত্ত পাদিক্কালের (১৬৭) দুরন্ত শতরানই গড়ে দিল দুই দলের মধ্যে তফাত। হাফ-সেঞ্চুরি পেলেন লোকেশ রাহুল (৮২) ও ধ্রুব জুরেল (৫১)। এই ত্রয়ীর কাঁধে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বড়ো ইনিংস গড়ল ভারত। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেটে ৪৬০ রানের মজবুত অবস্থানে সফরকারী দল। তবে চিন্তায় রাখছে প্রকৃতি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্যে এই সিরিজে দু’টি টেস্টেই জেতা দরকার টিম ইন্ডিয়ার। কিন্তু চলতি ম্যাচের বাকি তিন দিনেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। রবিবার তো খেলাই হল মাত্র ৪৩ ওভার!

Advertisement

শনিবার টস জিতে ব্যাটিং নেয় ভারত। রাহুলের সঙ্গে শুরুটা ভালোই করেন যশস্বী জয়সওয়াল। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট তিনি। এরপরই ক্রিজে আসেন সুদর্শনের চোটের কারণে সুযোগ পাওয়া পাদিক্কাল। সুযোগের দুর্দান্ত সদ্ব্যবহার করেন তিনি। প্রথম দিনই পূর্ণ করেছিলেন টেস্টে জীবনের প্রথম শতরান। দিনের শেষে অপরাজিত থাকেন ১৩১ রানে। এদিনও যেভাবে খেলছিলেন, তাতে দুশো নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু চায়ের বিরতির ঠিক আগে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে স্টাম্পড হন তিনি। বাঁ-হাতি কর্ণাটকির ২৩০ বলের ইনিংসে রয়েছে ১৫টি চার ও ১টি ছক্কা। 
পেশিতে টানের কারণে শনিবার ৭৭ রানে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন রাহুল। এদিন ঋষভ পন্থ (৩৯) ফেরার পর ফের ব্যাট করতে নামেন তিনি। কিন্তু চার রানের বেশি যোগ করতে পারেননি। কিছুক্ষণের মধ্যে আউট পাদিক্কালও। এরপর ভারতকে টানেন জুরেল। তাঁর ৫১ রানের ইনিংসে মিশে ছিল সংকল্প ও দায়বদ্ধতা। শেষপর্বে জুরেলের সঙ্গে তাল মিলিয়ে দলের স্কোর সাড়ে চারশোর ওপারে নিয়ে যান মানব সুথার (২৪), মহম্মদ সিরাজরা (১১)। উল্লেখ্য, প্রথমদিন ক্যাপ্টেন শুভমান গিল আউট হয়েছিলেন মাত্র ১৬ রানে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে প্রভাত জয়সূর্য (৪-১০৯) সফলতম। তবে রবিবার তিন উইকেট নিয়ে ভারতীয় ইনিংসে ধস নামান কেশারা নুয়ান্থা। তিনি পরপর ফেরান পন্থ, রাহুল ও পাদিক্কালকে। নাহলে প্রথম দিন ২ উইকেটে ২৮৮ তোলার পর অন্তত পাঁচশো রানের আশায় ছিলেন ভারতীয় সমর্থকরা। শেষ পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কাকে চাপে রাখার মতোই পুঁজি গড়ে উঠেছে। এবার বোলাররা বল হাতে ভেলকি দেখাতে পারেন কিনা সেদিকেই চোখ ক্রিকেটমহলের।
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস- যশস্বী রান আউট ৩২, রাহুল ক নিশান বো নুওয়ান্থা ৮২, পাদিক্কাল স্টাঃ ডিকবেলা বো জয়সূর্য ১৬৭, গিল ক ইগালাগামাগে বো জয়সূর্য ১৬, পন্থ ক দিনুশা বো নুয়ান্থা ৩৯, জুরেল ক ডি’সিলভা বো জয়সূর্য ৫১, জাদেজা এলবিডব্লু বো নুয়ান্থা ১৩, সুথার ক ইগালাগামাগে বো জয়সূর্য ২৪, সিরাজ ক ডি’সিলভা বো অসিথা ১১, কুলদীপ ব্যাটিং ১২, প্রসিদ্ধ ব্যাটিং ১, অতিরিক্ত ১২, মোট (১১৬ ওভারে) ৪৬০-৯। উইকেট পতন: ১-৪৭, ২-২৩৬, ৩-৩০৭, ৪-৩১৯, ৫-৩৫৭, ৬-৩৭৭, ৭-৪৩২, ৮-৪৪৭, ৯-৪৪৭। বোলিং: অসিথা ১৭-১-৬১-১, কুমারা ১৩-১-৭৬-০, নুয়ান্থা ৩৯-১-১৭৫-৩, জয়সূর্য ৩৯-৬-১০৯-৪, ধনঞ্জয় ৪-০-১৫-০, দিনুশা ৪-০-১৭-০।

Advertisement
সম্পর্কিত সংবাদ