কলম্বো, ২৩ আগস্ট: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সুবিধাজনক জায়গায় ভারত। টসে জিতে প্রথমের ব্যাটের সিদ্ধান্ত নেন শুভমন গিল। এদিন প্রথম টেস্টের দলের থেকে একটি পরিবর্তন করে ভারতীয় দল। কুলদীপ যাদবের বদলে দ্বিতীয় টেস্টে দলে এলেন সারাংশ জৈন। ভারতের ব্যাটিং যশস্বী জয়সওয়ালের সঙ্গে শুরু করেন কে এল রাহুল। কিন্তু দলের ৩৭ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে আউট হয়ে যান রাহুল। এরপর ভারতের ৬৬ রানের মাথায় ব্যক্তিগত ৪৫ রানে আউট হন যশস্বী। তৃতীয় উইকেট জুটিতে দেবদূত পাদিক্কালের সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন অধিনায়ক শুভমন গিল। প্রথম টেস্টের পর ফের শতরান করলেন পাদিক্কাল। ১১৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই ভারতীয় ব্যাটার। শুভমন গিল আউট হন ৫০ রানে। তৃতীয় উইকেট জুটিতে পাদিক্কাল এবং শুভমন তোলেন ১২০ রান। শুভমন আউট হওয়ার পর মাঠে নামেন ঋষভ পান্থ। কিন্তু মাত্র তিন রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়ে তাকে। শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারার একটি বল এসে লাগে ঋষভের বাঁ হাতে। এরপরেই অবসৃত হয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি।



