Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পেসের বিধ্বংসী তেজে জমে উঠেছে ফাইনাল, ৬ উইকেট কামিন্সের, লড়ছে প্রোটিয়ারা

পেসের বিধ্বংসী তেজে জমে উঠেছে ফাইনাল, ৬ উইকেট কামিন্সের, লড়ছে প্রোটিয়ারা
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

লন্ডন: সকাল দেখে সবসময় বোঝা যায় না দিনটা কেমন যাবে। প্যাট কামিন্সের আগুনে পেসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৩৮ রানে। মনে হচ্ছিল, আরও একটা আইসিসি ট্রফি জয় অস্ট্রেলিয়ার কাছে শুধু সময়ের অপেক্ষা। কিন্তু দ্বিতীয় দিনে চা পানের বিরতির আগেই দুর্দান্ত টুইস্ট। খাদের কিনারা থেকে ম্যাচে ফিরল দক্ষিণ আফ্রিকা। নেপথ্যে সেই কাগিসো রাবাডা। একই ওভারে জোড়া ধাক্কা দিয়ে ব্যাকফুটে ঠেলে দেন অস্ট্রেলিয়াকে। প্রথমে ফেরান খাওয়াজাকে (৬)। এক বল পরেই তুলে নেন গ্রিনের উইকেট (০)। প্রথম ইনিংসে কঠিন সময়ে ভরসা জুগিয়েছিলেন স্টিভ স্মিথ। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি ব্যর্থ। মাত্র ১৩ রানে ফেরেন ড্রেসিং-রুমে। তার আগেই আউট হন লাবুশানে (২২)। তবে দ্বিতীয় দিনে কামিন্সের আলো অনেকটাই শুষে নিলেন এনগিডি। তাঁর বলে ওয়েবস্টারও আউট হন। ফের হতাশ করলেন ট্রাভিস হেড। একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭ উইকেটে ৭৩। সেখান থেকে অ্যালেক্স কেরি ও মিচেল স্টার্ক মরিয়া প্রতিরোধের চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা অবধি অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ১১৫। লিড আপাতত ১৮৯।

Advertisement

দক্ষিণ আফ্রিকা এদিন শুরু করে ৪ উইকেটে ৪৩ রানে। ভালোই খেলছিলেন ক্যাপ্টেন বাভুমা ও বেডিংহ্যাম। তবে তাঁদের জুটি দীর্ঘস্থায়ী হয়নি। কামিন্সের বলে ৩৬ রানে ফেরেন বাভুমা। ৪৫ রানে কামিংসের বলেই আউট হন বেডিংহ্যাম। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা (১৩৮)। কামিন্স ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েন। তিনশো টেস্ট শিকার হল তাঁর। এই মাইলফলক স্পর্শ করার পথে মোট ১৩৭২৫টি বল করেছেন কামিন্স। এদিক থেকে তিনি পিছনে ফেললেন ম্যালকম মার্শালকে (১৩৭২৮)। আবার ক্যাপ্টেন হিসেবে টেস্টে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় কপিল দেব (৩৪ ম্যাচে ১১১), ড্যানিয়েল ভেত্তোরি (৩২ ম্যাচে ১১৬), গ্যারি সোবার্সকে (৩৯ ম্যাচে ১১৭) টপকে গেলেন কামিন্স। ৩৪ টেস্টে তাঁর সংগ্রহ ১৩৪ উইকেট। সামনে রিচি বেনো (২৮ ম্যাচে ১৩৮) ও ইমরান খান (৪৮ ম্যাচে ১৮৭)।

Advertisement
সম্পর্কিত সংবাদ