সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে সুপার মার্কেটে সাপ্তাহিক হাট বসবে। আগামী ২১জানুয়ারি থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার বিকেলে হাট বসবে। বুধবার থেকে ব্লক প্রশাসনের তরফে এলাকায় মাইকিং শুরু করা হয়েছে। পাশাপাশি গ্রামগুলিতে লিফলেটও বিলি করা হচ্ছে। সুপার মার্কেটে হাট বসলে বন্ধ থাকা মার্কেট যেমন চালু হবে, তেমনই এলাকার বাসিন্দাদের জিনিসপত্র কিনতে সুবিধা হবে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে এলাকার বেকার যুবকযুবতীদের কথা ভেবে পাড়া ব্লক এলাকায় সুপার মার্কেট গড়ে তোলা হয়। পঞ্চায়েত সমিতির অর্থে সেই মার্কেটে একাধিক স্টল গড়ে তোলা হয়েছে। স্টলগুলি বন্ধ রয়েছে। সেগুলি চালু করার জন্য পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতি মঙ্গলবার বিকেলে মার্কেট কমপ্লেক্স এলাকায় সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন, পঞ্চায়েত সমিতির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২১ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার পাড়ার সুপার মার্কেটে হাট বসানো হবে। বিক্রেতারা হাটে এসে জিনিসপত্র যাতে বিক্রি করতে পারেন তারজন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতা সকলে যাতে আসেন তার জন্য প্রচার শুরু করা হয়েছে।



