Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাটজনবাজারে ওভারব্রিজের গার্ডার তোলার কাজ শেষ

গার্ডার হেলে গিয়ে থমকে যায় সিউড়ির হাটজনবাজার রেলগেটে ওভারব্রিজের কাজ। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে রেল কর্তৃপক্ষ।

হাটজনবাজারে ওভারব্রিজের গার্ডার তোলার কাজ শেষ
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গার্ডার হেলে গিয়ে থমকে যায় সিউড়ির হাটজনবাজার রেলগেটে ওভারব্রিজের কাজ। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার পূর্ব নির্ধারিত সূচি অনুসারে রেল ওভারব্রিজের মাঝের অংশে গার্ডার তোলার কাজ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন রেলের একাধিক কর্তা-ব্যক্তিরা। গার্ডার তোলার কাজ চলাকালীন এলাকা পরিদর্শন করেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পুজোর আগেই রেল ওভারব্রিজ চালুর বিষয়ে আলোচনাও সারেন। রেলের তরফেও এবিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তবে আদৌ পুজোর আগে কাজ শেষ হয় কি না তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, গার্ডার তোলার কাজ শেষ হয়েছে। এবার বাকি কাজ দ্রুত শেষ করা হবে। অতিদ্রুত কাজ শেষ করার চেষ্টা রয়েছে। 

Advertisement

সিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মাঝ বরাবর রেললাইন রয়েছে। ওই রেলপথ ধরে হাওড়া, রামপুরহাট, সাঁইথিয়া, অণ্ডাল ও বর্ধমানের ট্রেন চলাচল করে। এছাড়াও একাধিক পণ্যবাহী ট্রেনও ওই রেলপথ ধরে চলে। গুরুত্বপূর্ণ রেলপথের উপর স্টেশন লাগোয়া এলাকায় রেলগেট রয়েছে। ওই রাস্তায় বিপুল গাড়ির চাপ থাকায় নিত্য যানজট লেগে থাকে। ফলত ওই রেলগেটের পরিবর্তে সেখানে ওভারব্রিজ অর্থাৎ উড়ালপুল গড়ে তোলার দাবি ওঠে। সেই মোতাবেক রেলের তরফে ২০১৬ সাল নাগাদ ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। যদিও মাঝপথে সেই কাজ থমকে যায়। শুরু হয় টালবাহানা। অবশেষে ২০২৪ সালের শেষদিকে ২২ নম্বর রেলগেটের পরিবর্তে ওভারব্রিজ তৈরির কাজে গতি আসে। রেলপথের উপরের অংশে গার্ডার বসানোর জন্য চলতি বছরের এপ্রিল মাসে রেলের তরফে ব্লক নেওয়া হয়েছিল। 
জেলা পুলিস ও প্রশাসনের তরফে হাটজনবাজার রেলগেট হয়ে যান চলাচলে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। শুরু হয়েছিল গার্ডার বসানোর কাজও। যদিও শুরুতেই বিপত্তি ঘটে। গার্ডার হেলে পড়ে বসানোর কাজ থমকে যায়। সেসময় রেলের সাফাই ছিল, যান্ত্রিক ত্রুটির জেরে সেই কাজ থমকে যায়। এরপর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়। অবশেষে এদিন রেলের তরফে পুনরায় ব্লক নিয়ে এদিন গার্ডার তোলার কাজ চলে। 
এদিকে, গার্ডার বসানোর কাজের জন্য স্থানীয় প্রশাসনের তরফে হাটজনবাজার রেলগেট হয়ে সিউড়ি-বোলপুর রাস্তায় যান চলাচলে রাশ টানা হয়েছিল। শনিবার রাত ১২টার পর থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলত এদিন ঘুরপথে দূরপাল্লার বাস চলাচল করেছে। এছাড়াও একাধিক লোকাল বাসের গতি খানিকটা কমানো হয়েছিল। 
বিধায়ক বলেন, সিউড়ি তথা জেলার মানুষ বহু বছর ধরে কষ্ট ভোগ করছে। রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে। আশা করছি পুজোর আগেই রেল ওভারব্রিজ চালু হয়ে যাবে। স্থানীয় কল্যাণ ভাণ্ডারী বলেন, গার্ডার বসানোর কাজ হল। আশা করছি এবার আমাদের দুর্দশা ঘুচবে। রেল ওভারব্রিজটি চালু হলে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ