নেপি দ: ৭.৭ মাত্রার ভূমিকম্প ও একের পর এক আফটার শকে তছনছ মায়ানমার। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে পরিকাঠামোগত অপ্রতুলতার কারণে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের। কার্যত খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া লোকজনকে বের করে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এদিকে, সময় যত বাড়ছে ততই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত অন্তত ৬৯৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মায়ানমারের সামরিক শাসক প্রধান। জখম ১ হাজার ৬৭০ জন। যদিও, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সংস্থা। এই বিপদের দিনে পড়শি দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু-ইট মিল, ওয়াটার পিউরিফায়ার মেশিন, হাইজিন কিট, সোলার ল্যাম্প, জেনারেটর সেট এবং প্রয়োজনীয় ওষুধ।



