সংবাদদাতা, জঙ্গিপুর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। আইসি কুণালকান্তি দাসের তৎপরতায় বিশেষ অভিযানে ৪কেজি ২৪৯গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এঘটনায় মহম্মদ মিনারুল ইসলাম নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। সে লালগোলা থানার বাজুপুরের বাসিন্দা। স্কুটার চালিয়ে ফরাক্কায় যাওয়ার পথে তাকে পাকড়াও করা হয়। সে কোথা থেকে এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে, তা জানতে ধৃতকে জেরা করবে পুলিশ।
শুক্রবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়। বিচারক তার পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এত বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্তের বিষয়টি গোয়েন্দাদের ভাবাচ্ছে। উদ্ধার হওয়া হেরোইনের অন্ধকার জগতে দাম কয়েক কোটি টাকা। এবিষয়ে ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং বলেন, আগাম খবরের ভিত্তিতে পুলিশ নাকা তল্লাশি চালায়। এতে চার কেজির বেশি হেরোইন সহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই যুবক বহরমপুরের দিক থেকে স্কুটারে চেপে মালদহের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে পুলিশের কাছে সেখবর পৌঁছায়। এরপর আইসির নেতৃত্বে সামশেরগঞ্জ থানার পুলিশ বাসুদেবপুর লাগোয়া নতুন জালাদিপুর পিলকিমোড় এলাকায় ১২নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন স্কুটারটি নজরে আসে। সেটি আটকে তল্লাশি চালাতেই সিটের তলা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়। স্কুটারচালককে হাতেনাতে পাকড়াও করা হয়। পরবর্তীতে সামশেরগঞ্জের বিডিও সমীরণকৃষ্ণ মণ্ডলের উপস্থিতিতে আইন মেনে ওই মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
বিপুল পরিমাণ হেরোইন ওই যুবক কোথায় পেল, এই কারবারের সঙ্গে বড় কোনো মাদক পাচারচক্রের যোগসূত্র রয়েছে কিনা-সেসব তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এঘটনায় আর কারা জড়িত, পুলিশ তা জানার চেষ্টা চালাচ্ছে। এতদিন মালদহ থেকে ফরাক্কা হয়ে দক্ষিণবঙ্গে মাদক পাচার হত। এবার বিপরীত দিকে মাদক পাচার হওয়ার বিষয়টি পুলিশকে ভাবাচ্ছে। তিনমাস আগেই রঘুনাথগঞ্জের উমরপুরে ১২নম্বর জাতীয় সড়কে চার কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল। ওই ঘটনায় রঘুনাথগঞ্জ ও সামশেরগঞ্জের তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করে। ওই ঘটনায় লালগোলা থেকে মালদহের দিকে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মাদক সীমান্ত পার করে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল কিনা-তা পুলিশ খতিয়ে দেখছে।



