Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইরের হাতিরা এসে ঘাঁটি গেড়েছে বাগডোগরার জঙ্গলে, চিন্তিত বনদপ্তর

বাইরের হাতিরা এসে ঘাঁটি গেড়েছে বাগডোগরার জঙ্গলে, চিন্তিত বনদপ্তর
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরার জঙ্গলে ক্রমশ বাইরে থেকে ঢুকছে হাতির পাল। অসময়ে বুনোদের আগমনে চিন্তিত বনদপ্তর। এজন্য সতর্ক করা হচ্ছে জঙ্গলঘেষা বনবস্তির বাসিন্দাদের। মাইকিং করে ও সাইরেন বাজিয়ে জঙ্গল এলাকায় সতর্কতামূলক প্রচার চলছে। 

Advertisement

বাগডোগরা বনাঞ্চল এলাকায় মাস কয়েক আগেও হাতি-মানব সংঘাতে প্রাণ গিয়েছে কয়েকজনের। সেই পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে নজর বনবিভাগের। শীত শেষে বাগডোগরা বনাঞ্চলে প্রায় ২০থেকে ২৫টির মতো হাতি ছিল। তবে এই কয়েকদিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০এ। নেপাল থেকে আসা-যাওয়া লেগে রয়েছে এই হাতির পালের। এছাড়া মহানন্দা অভয়ারণ্য, বামনপোখরি সহ বিভিন্ন বনাঞ্চল থেকে বাগডোগরায় ঢুকে পড়ছে হাতির দল। এই অসময়ে বাগডোগরা বনাঞ্চলে হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় খানিকটা হলেও চিন্তিত বনকর্মীরা। যদিও অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা থাকায় হাতির গতিবিধির ওপর নজর রাখতে পারছে বনদপ্তর।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনবিভাগের বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া জানান, জংলি হাতির এই দলে আকাশ-পাতাল নামে এক কুখ্যাত দাঁতাল রয়েছে। এশিয়ান হাইওয়ে-২, কিরণচন্দ্র মহাসড়কের এলিফ্যান্ট ক্রসিং, জংলিবাবা মন্দির যাওয়ার রাজ্য সড়ক, ডাকু মোড় সহ এই সমস্ত জায়গায় জংলি হাতির দেখা পাওয়া যায় সবসময়। তাই পথচলতি মানুষদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের শৌচকর্ম করবার জন্য কিংবা জ্বালানি সংগ্রহ করতে জঙ্গলে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তিনি জানান, ভোর এবং সন্ধ্যায় হাতির আনাগোনা বেশি হয়। তাই এই সময় এশিয়ান হাইওয়ে-২তে গাড়ির গতি কম রাখা এবং জঙ্গল সংলগ্ন এলাকায় রাস্তাগুলিতে মোটরসাইকেল কিংবা স্কুটার চালানো বিপজ্জজনক বলে তিনি সতর্ক করেন। হাতি-মানব সংঘাত রুখতে যে কোনও সাহায্যের জন্য বন বিভাগের এলিফ্যান্ট স্কোয়াডকে খবর দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ