Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কামাখ্যাগুড়িতে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ, বর্ষার আগে কাজ শুরুর দাবি

কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে রাজ্য সড়কের বেহাল দশা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

কামাখ্যাগুড়িতে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ, বর্ষার আগে কাজ শুরুর দাবি
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে রাজ্য সড়কের বেহাল দশা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সেই গর্তগুলিতে জল জমে রীতিমতো ডোবায় পরিণত হয়। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা চাইছেন, দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক। 

Advertisement

কামাখ্যাগুড়ির ঘোড়ামারা চৌপথি থেকে দেবেনবাবুর চৌপথি পর্যন্ত প্রায় তিন কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ওই পথ দিয়েই কোচবিহার জেলার তুফানগঞ্জ, বক্সিরহাট এবং ভাটিবাড়ি হয়ে আলিপুরদুয়ার যেতে হয়। নিত্যদিন হাজার হাজার মানুষ ওই রাস্তাটি ব্যবহার করেন। অথচ, গুরুত্বপূর্ণ এই রাস্তার বেহাল দশায় সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
কামাখ্যাগুড়ির বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, কয়েক বছর আগে যখন রাস্তাটি তৈরি করা হয়েছিল, সেসময় সঠিকভাবে কাজ হয়নি। যার ফলে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। আমরা দাবি রাখছি, বর্ষার আগেই সংস্কার করা হোক। 
কামাখ্যাগুড়ির বাসিন্দা রওশন আলি বলেন, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমরা চাই, দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক। 
তবে রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে পূর্তদপ্তর। খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। কামাখ্যাগুড়ি-২ পঞ্চায়েতের উপপ্রধান প্রসূন দত্ত বলেন, রাস্তাটি সংস্কারের জন্য গত কয়েক মাস আগে আমাদের দলের তরফে পূর্তদপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেসময় পূর্তদপ্তরের তরফে সংস্কারের বিষয়ে আশ্বাস দেওয়া হয়। শুনতে পাচ্ছি কাজের টেন্ডারও হয়ে গিয়েছে। আশা রাখছি খুব দ্রুত কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ