সংবাদদাতা, বোলপুর: আজ, সোমবার বোলপুর থানার মহিদাপুরে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। গাড়ির ভিতরে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে টাকা মেলে। এর পাশাপাশি উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটি সিউড়ি থেকে কলকাতা বা অন্য কোনও জেলার দিকে যাচ্ছিল। তথন পুলিশ কর্মীরা আচমকাই মহিদাপুর এলাকায় ওই গাড়িটিতে তল্লাশি চালান।
গাড়িতে থাকা ট্রলি ব্যাগের ভিতর থেকে টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার হয়। কিন্তু কোথা থেকে ওই টাকা বা বিদেশি মুদ্রাগুলি এল? কোথায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল? কেনই বা এত নগদ টাকা এবং বিদেশি মুদ্রা গাড়িতে রাখা হয়েছিল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ। গাড়িতে থাকা ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। টুলু মণ্ডল কাণ্ডের আবহে ফের বীরভূমে এই বিপুল নগদ ও বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার নেপথ্যে টুলু মণ্ডলের কোনো বেআইনি লেনদেন রয়েছে কি না সেটিও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।