Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আক্রোশের বশে ভুয়ো মেল আইডি খুলে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, ধৃত, পাড়ার মহিলাকে ‘আল-কায়েদা জঙ্গি’ বলে পুলিশে অভিযোগ দায়ের

পাড়ার এক মহিলার প্রতি আক্রোশ ছিল। তার জেরে ওই মহিলার নামে ভুয়ো মেল আইডি খুলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন এক যুবক।

আক্রোশের বশে ভুয়ো মেল আইডি খুলে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, ধৃত, পাড়ার মহিলাকে ‘আল-কায়েদা জঙ্গি’ বলে পুলিশে অভিযোগ দায়ের
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়ার এক মহিলার প্রতি আক্রোশ ছিল। তার জেরে ওই মহিলার নামে ভুয়ো মেল আইডি খুলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন এক যুবক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি নির্বাচন কমিশন ও একাধিক রাজনীতিবিদদের একই মেল করেন তিনি। শনিবার গার্ডেনরিচ থানা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে লালবাজার। ধৃতের নাম হাসনিম ইকবাল (২৭)। লালবাজারের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার (ডিডি, স্পেশাল) বিদিতরাজ ভুন্দেশ বলেন, নিজেকে আল-কায়েদা জঙ্গি পরিচয় দিয়ে ভুয়ো মেল পাঠায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Advertisement

নির্বাচনের পরই বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরে একটি হুমকি মেল পৌঁছয়। একইসঙ্গে, রাজ্যের একাধিক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে খুনের হুমকি দিয়ে মেল যায়। খবর পৌঁছয় লালবাজারে। প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে। মেলের প্রেরক একজন মহিলা। তিনি গার্ডেনরিচের বাসিন্দা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একইসঙ্গে, তাঁর মেল আইডি খতিয়ে দেখা হয়। দেখা যায়, যে আইডি থেকে মেল পাঠানো হয়েছিল সেটির সঙ্গে মহিলার ব্যক্তিগত আইডির কোনো মিল নেই। শুধু তাই নয়, যে আইডি থেকে হুমকি মেল গিয়েছে, সেটি নতুন। মেলটি ওই মহিলার নাম করে পাঠানো হয়েছিল। 
লালবাজারের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, সেই তদন্ত চলাকালীন গত ১৪ মে ভবানীপুর থানায় মেল মারফত আরও একটি অভিযোগ জমা পড়ে। সেখানে অভিযুক্ত হাসনিম জানান, ‘মহিলাকে তিনি চেনেন। মহিলা একজন আল কায়েদা জঙ্গি। সেই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ওই মহিলা।’ এই মেল পাওয়ার পর সন্দেহ বাড়ে তদন্তকারীদের। মেলের সত্যতা খতিয়ে দেখার জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সকে তদন্তে যুক্ত করা হয়। কিন্তু, তদন্তকারীরা দেখেন ‘সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত’। সন্দেহের ভিত্তিতে অভিযুক্ত হাসনিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন লালবাজারের গোয়েন্দারা। তাতেই খোলসা হয় মেল-রহস্য। অভিযুক্ত স্বীকার করে, ওই মহিলার সঙ্গে তার পুরানো আক্রোশ ছিল। সেই আক্রোশ মেটাতে ওই মহিলার নাম করে মেল করে। এপ্রসঙ্গে, সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক বিদিতরাজ বলেন, ‘এই ধরনের মেল কেউ করলে তাকে রেয়াত করা হবে না, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ