Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, নির্বাচিত কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শেষের নির্দেশ

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (আপাস) কর্মসূচিতে বুথস্তরে নির্বাচিত কাজগুলির দরপত্র ডাকার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল নবান্ন।

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, নির্বাচিত কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শেষের নির্দেশ
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (আপাস) কর্মসূচিতে বুথস্তরে নির্বাচিত কাজগুলির দরপত্র ডাকার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল নবান্ন। শনিবার জেলাশাসকদের সঙ্গে ‘আপাস’ সহ একাধিক ইস্যু নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ২ আগস্ট শুরু হয়ে ইতিমধ্যে একমাসের বেশি সময় ধরে চলছে এই কর্মসূচি। এর মধ্যে চূড়ান্ত হওয়া কাজগুলির দরপত্র ডাকতে বলা হয়েছে। যেহেতু দরপত্র ডাকা সময়সাপেক্ষ পদ্ধতি, সেই কারণেই এই কাজ সেরে রাখতে বলা হয়েছে। তবে কাজের বরাত বা ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে প্রশাসনিক এবং আর্থিক অনুমোদন পাওয়ার পরই। আবার, ১২ লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে বেশ কিছু উপভোক্তা আছেন, যাঁরা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শেষ করেননি, দ্রুত সেই কাজ করাতে হবে। কারণ, এই কাজ শেষ হলে তবেই তাঁরা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। যা দ্রুত ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পের পরবর্তী ১৬ লক্ষের টাকা ছাড়া হবে ডিসেম্বর মাসে। সুপার চেকিংয়ের সময় এঁদের মধ্যে অনেকের ক্ষেত্রেই প্রশ্ন তোলা হয়েছিল। সেই সমস্ত ক্ষেত্রে পুনরায় যাচাই করার কথাও রাজ্যের তরফে বলা হয়েছে বলেই সূত্রের খবর। অন্যদিকে, রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পে কাজ দেওয়া সুনিশ্চিত করতে বলা হয়েছে। শ্রমশ্রী পোর্টালে ইতিমধ্যে যাঁরা নাম লিখিয়েছেন, তাঁদের জন্য যথাযথ ব্যবস্থা করতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ