সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার থেকে রঘুনাথপুর পুরসভায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের সূচনা হয়। প্রথম দিনের শিবিরে ব্যাপক সাড়া পড়েছে। এদিন রঘুনাথপুর পুরসভার-১ নম্বর ওয়ার্ডের তিনটি বুথ নিয়ে রঘুনাথপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি সেখানে দুয়ারে সরকার শিবিরও করা হয়। এদিন রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ, মহকুমা পুলিস আধিকারিক রোহেদ শেখ, পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দেওঘরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন তিনটি বুথের বাসিন্দাদের নিয়ে বৈঠক করা হয়। সেখানে প্রতিটি বুথের বাসিন্দারা তাঁদের এলাকার কাজের খতিয়ান তুলে ধরেন। সেগুলি খাতায় লিপিবদ্ধ করা হয়।
পুরসভার সূত্রে জানা গিয়েছে, এদিন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে বাসিন্দারা রাস্তাঘাট, লাইট, পানীয়জল, ড্রেন, খেলার মাঠ সংস্কার, কমিউনিটি হল নির্মাণ করার জন্য আবেদন জানান। অন্যদিকে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো বিভিন্ন প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরে আবেদন করেন। এদিন প্রায় শতাধিক মানুষ বিভিন্ন প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন।
এদিন শিবিরের বৈঠকে উপস্থিত ব্যক্তিরা বলেন, একাধিক এলাকার রাস্তাঘাট খারাপ। পানীয় জলের সমস্যা রয়েছে। নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির পর নোংরা জল রাস্তার উপর উঠে যাচ্ছে। পুরসভার অনেক জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবন নেই। ত্রিপল টাঙিয়ে রান্নার করা হয়।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রণববাবু বলেন, শিবিরে খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে। পুরসভার থেকে এলাকায় আবাস যোজনা, বেশ কয়েকটি রাস্তাঘাট নির্মাণ, লাইট লাগানো হয়েছে। অনেক কাজ বাকি আছে। ১০ লক্ষ টাকায় যতটা পারা যায় কাজ করা হবে। মহকুমা শাসক বলেন, তিনটি বুথের বাসিন্দারা এসেছিলেন। তারা আমাদের বিভিন্ন কাজের বিষয়ে আবেদন জানিয়েছেন।