নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘পাড়ার ট্রান্সফর্মার ঠিক জায়গায় বসানো হয়নি। চার ফুট পিছিয়ে বসালে ভালো হয়। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।’ আসানসোলে ‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’ যোগ দিয়ে স্থানীয় মানুষের এমনই নানাবিধ সমস্যার কথা শোনেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও মলয় ঘটক। সেইসঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন খোদ জেলাশাসক ও মহকুমা শাসক। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি প্রকৃত অর্থেই গ্রামসভার রূপ নিয়েছে আসানসোলে। শনিবার শিবির বসেছিল আসানসোল রবীন্দ্রভবনে। স্থানীয় সারদাপল্লির বাসিন্দারা এই শিবিরে এলাকার কিছু সমস্যা নিয়ে অভিযোগের পাশাপাশি রাজ্যের এই কর্মসূচিকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, রাজ্যের এই কর্মসূচিতে যোগ দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে খোদ মন্ত্রীদের সামনে বলার সুযোগ পাচ্ছি। এদিন শিবিরে স্বনির্ভর দলের মেয়েরা তাঁদের হাতের তৈরি নানা পণ্যও বিক্রি করেন। সেখানেও ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডা. শশী পাঁজা। বিভিন্ন সামগ্রী নিয়ে খোঁজ মন্ত্রী। মন্ত্রীর হাত ধরেই এদিন পড়ুয়াদের সবুজসাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়।



