নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সত্যি হল আশঙ্কাই! জল্পনার বুদবুদ এখন কঠিন বাস্তব। স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের হাই-প্রোফাইল বিবাহ নিয়ে যাবতীয় চর্চায় দাঁড়ি পড়ল রবিবার দুপুরে। সোশ্যাল মিডিয়া পোস্টে বিয়ে বাতিলের কথা ঘোষণা করেন স্মৃতি। লিখেছেন, ‘গত কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাঁটাছেঁড়া চলেছে। একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। বিয়ে বাতিল হয়েছে। যাবতীয় আলোচনার এখানেই সমাপ্তি হোক, এটাই কাম্য।’ প্রতিকূল পরিস্থিতিতে স্ট্রেট ব্যাটে খেলাই বেছে নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী মহিলা দলের তারকা ক্রিকেটার। পলাশ? কিছু সময় পর একই রাস্তায় হাঁটেন তিনিও। প্রখ্যাত সুরকার জানিয়েছেন, ‘জীবনের কঠিন অধ্যায়। কিছু ভিত্তিহীন গুজবে মানুষ যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তা সত্যিই দুর্বিষহ। আঘাত সামলে এগিয়ে যেতে চাই।’ ইতিমধ্যে সোশ্যাল সাইটে একে অপরকে আনফলোও করেছেন। তবে ওয়াংখেড়ের ২২ গজে স্মৃতিকে মহামূল্য হীরের আংটি পরানোর ভিডিও এখনও জ্বলজ্বলে পলাশের ইনস্টাগ্রামে। জুটি বাঁধার আগেই তা ভেঙে যাবে স্বপ্নেও ভাবেননি কেউ! অথচ আজ সেটাই নির্মম সত্য। ক্রিকেট মাঠ হোক বা সুরের মঞ্চ, রহস্যে মোড়া জীবনের ২২ গজ কত দ্রুত পাল্টে দেয় পরিস্থিতি!
স্মৃতি মান্ধানা তারকা ক্রিকেটার। গ্ল্যামার কুইনও বটে। পলাশের জগৎ আলাদা। তবু সেলিব্রিটি তো! পাপারাৎজির লেন্স এড়িয়ে চুটিয়ে চলে প্রেমপর্ব। বিয়ে ঘোষণার মুহূর্ত সেকেন্ডে ভাইরাল। ভারতের বিশ্বকাপ জয়ের আবহে মাত্রা দেয় সেই বিবাহ অনুষ্ঠান। কার্যত হাওয়ায় ভাসতে দেখা যায় সতীর্থদের। গোটা দেশের নজর তখন মহারাষ্ট্রের সাংলির দিকে। ক্রান্তি গৌড়, রাধা যাদবরা প্রাক-বিবাহ পর্বে চুটিয়ে আনন্দ করেন। উৎসবের নেতৃত্বে প্রাণের বন্ধু জেমাইমা। সঙ্গীত, হলদির রিলসে লক্ষ লক্ষ লাইক। বিয়ের আমন্ত্রণপত্র শোভা পাচ্ছিল অনুরাগীদের টাইমলাইনেও। আমন্ত্রিতের তালিকা, এমনকি মেনুর ফর্দ নিয়ে ‘চায়ে পে চর্চা’। কিন্তু তাল কাটল বিয়ের দিনেই। কানফাটানো হুটারে উৎসবের রেশ বিদীর্ণ করে আসরে প্রবেশ অ্যাম্বুল্যান্সের। জানা গেল, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন শ্রীনিবাস মান্ধানা। স্মৃতির আপ্তসহায়ক জানান, বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্মৃতির বাবাকে। অগত্যা বিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। সুস্থতা কামনায় প্রার্থনায় বসলেন অনুরাগীরা। বিধি বাম। ফের ধাক্কায় টলমল বিবাহ বাসর। এবার অসুস্থ খোদ পাত্র। অতিরিক্ত মানসিক চাপ, টেনশনে অসুস্থ পলাশও হাসপাতালে ভর্তি হন।
এরপরেই ধেয়ে আসে হৃদয়বিদারক টুইস্ট। নাটকীয় ঘাত প্রতিঘাত। পলাশের জীবনে দ্বিতীয় নারীর প্রবেশ ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। ব্যক্তিগত চ্যাট জনসমক্ষে। সহানুভূতির সুর হয়ে ওঠে ‘বিগ গসিপ।’ এমনকি বিয়ে ভাঙার সম্ভাবনাও বটের ঝুরির মতো ডালপালা মেলতে শুরু করে। প্রাচীন প্রবাদ— যা রটে তার কিছু তো বটে! তবে কি পলাশের লুকোচুরিই দীর্ঘ সম্পর্কে ফাটল ধরাল? আঘাত সামলে আপাতত নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত দু’জনে। কঠিন সময়ে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ছেড়ে প্রিয় বান্ধবীর পাশে রয়ে গেলেন জেমাইমা রডরিগেজ। কঠিন সময়ে ক্রিকেটের ২২ গজ দায়িত্ব নিতেও শেখায়। দিস ইজ ক্রিকেট।