শিবাজী চক্রবর্তী, কলকাতা: মেঘ কাটিয়ে অনেকদিন পর বাম্বোলিমের আকাশে সোনা রোদ। অনুশীলনে মহেশ, মিগুয়েলের খুনসুটি দেখে রাশভারী অস্কারও হাসছেন। ডার্বির আগে ফুরফুরে ইস্ট বেঙ্গল। মহারণের পর এই ছবি দেখা যাবে তো? আশা-আশঙ্কার দোলাচল নিয়ে বৃহস্পতিবার বিনিদ্র রাত কাটাবেন অসংখ্য লাল-হলুদ সমর্থক। মহারণের আগে অস্কারের আশ্বাস, ‘ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াচ্ছে। শিল্ড ফাইনাল এখন অতীত। মোহন বাগান দেশের অন্যতম সেরা দল। তবে আমরা জেতা ছাড়া কিছুই ভাবছি না।’
সুপার কাপে প্রতিটি গ্রুপের সেরা দল নক-আউটে পৌঁছবে। ডার্বির আগে পয়েন্টের বিচারে একই বিন্দুতে দাঁড়িয়ে কলকাতার দুই প্রধান (২ ম্যাচে ৪ পয়েন্ট)। তবে গোল পার্থক্যে এগিয়ে মশালবাহিনী। অর্থাৎ ড্র করলেই নিশ্চিত সেমি-ফাইনাল। হারলে ‘বাই বাই’ সুপার কাপ। কোচ অস্কারও প্রবল চাপে পড়বেন। ফাতোরদার মহারণ স্প্যানিশ কোচেরও বড় পরীক্ষা। এদিনের অনুশীলনে ইঙ্গিত, চেন্নাইয়ান ম্যাচের উইনিং স্কোয়াড নিয়েই মাঠে নামবেন লাল-হলুদ সারথি। মাঝমাঠ কব্জা করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তিনি। রশিদ, সাউলের ঠিক উপরে পিরামিডের চূড়ার মতো মিগুয়েলকে ব্যবহার করা হয়। এই ব্রাজিলিয়ান ইস্ট বেঙ্গলের ইঞ্জিন। বল হোল্ড করার পাশাপাশি সামনে পাস বাড়াতে দক্ষ। শিল্ড ফাইনালে মিগুয়েলকে শুরুতে বেঞ্চে রেখে ভুল করেছিলেন অস্কার। তবে মাণ্ডভী নদীর পাড়ে মিগুয়েলই ইস্ট বেঙ্গলের সেরা বাজি। একইসঙ্গে ভরসা দিচ্ছে নাওরেম মহেশের ফর্ম। চটক-গ্ল্যামার কম। তবে পায়ে শেফিল্ড ছুরির ধার। অ্যাসিস্টের পাশাপাশি লক্ষ্যভেদেও সিদ্ধহস্ত ব্রুজোঁর ‘মহেশ্বর।’ মাঝেমধ্যেই মিগুয়েল ও মহেশ শাফল করে বিভ্রান্ত করছেন বিপক্ষকে। তবে জোড়া বিদেশি স্ট্রাইকার নিয়ে চিন্তা থাকছেই। মরক্কান হামিদ টুকটাক গোল করলেও গেমচেঞ্জার নন। জাপানি হিরোশি ৯০ মিনিট খেলায় জায়গায় নেই। পরিস্থিতি অনুযায়ী তাঁকে ব্যবহার করবে থিঙ্কট্যাঙ্ক। ডার্বি টপকাতে হলে জাল কাঁপানোর পাশাপাশি দুর্গ অটুট রাখা প্রয়োজন। দুর্বল ডেম্পোর বিরুদ্ধে দু’গোল হজম করেছে ইস্ট বেঙ্গল। যা অবশ্যই চিন্তার কারণ। গ্রুপের প্রথম দু’টি ম্যাচ বাম্বোলিমে খেলেছে ইস্ট বেঙ্গল। ডার্বির ভেন্যু ফাতোরদা। প্রবল বৃষ্টিতে মাঠের অবস্থা ভালো নয়। কোনওরকমে বালি দিয়ে প্যাচ ওয়ার্ক করা হয়েছে। যা নিয়ে অসন্তুষ্ট কোচ অস্কার ব্রুজোঁ।
ইস্ট বেঙ্গল সম্ভাব্য একাদশ: প্রভসুখন, রাকিপ, আনোয়ার, সিবলে, জয়, রশিদ, সাউল, মহেশ, মিগুয়েল, বিপিন ও হামিদ/হিরোশি।