নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রিয় ফুটবলারদের সঙ্গেই জন্মদিন কাটানোর বায়না ধরেছিল খুদে রিদীপ। বৃহস্পতিবার ছেলেকে নিয়ে যুবভারতীতে হাজির মা-বাবা। গিল, সাউলদের সঙ্গে ফটোসেশন সেরে আহ্লাদে আটখানা বার্থডে বয়। মজা করে ইউসেফের জিজ্ঞাসা-‘শনিবার ক’টা গোল চাও?’ ভিকট্রি দেখিয়ে রিদীপ বলে ওঠে –‘দুটো।’ আধো বুলি শুনে কোচ অস্কারও হেসে উঠলেন। রাশভারী কোচের বডি ল্যাঙ্গুয়েজই গোটা দলের প্রতিবিম্ব। আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে নর্থ ইস্টকে উড়িয়ে হাওয়ায় ভাসছে ইস্ট বেঙ্গল। শনিবার যুবভারতীতে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং দিল্লি। সপ্তাহান্তে আরও একটা ঝকঝকে ম্যাচ উপহার দিতে তৈরি সাউলরা। ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহের শুরুতেই রিহ্যাব শুরু করবেন নাওরেম মহেশ সিং। একইসঙ্গে দিন দশেকের মধ্যে কলকাতায় ফেরার কথা কেভিন সিবলের। তারপর আরও একদফা পরীক্ষার পর বোঝা যাবে ঠিক কবে মাঠে ফিরতে পারবেন আর্জেন্তাইন ডিফেন্ডার। ততদিন অল ইন্ডিয়ান রক্ষণই অস্কারের ভরসা।



