নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবুজে সবুজ সালভাদোর দো মুন্ডো। পানাজি থেকে গাড়িতে মেরেকেটে আধঘণ্টা। ছিমছাম মফস্বলের বড় আকর্ষণ প্রাচীন গির্জা। ছবির মতো সালভাদোরে ডেম্পো ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ইস্ট বেঙ্গল। অক্টোবরের শেষেও বৃষ্টি হচ্ছে গোয়ায়। ফলে লাল মাটি বেশ নরম। তবে অস্কার-ব্রিগেডের সমস্যা নেই। বরং গুমোট গরম কম থাকায় বেশ স্বস্তিতে বিদেশিরা। প্রথমে ঠিক ছিল স্থানীয় ক্যাম্পালে অনুশীলন করবেন সাউল, রশিদরা। কিন্তু বেহাল মাঠ দেখে আতঁকে ওঠার জোগাড়। নেই কোনও ড্রেসিং-রুম। শেষপর্যন্ত পরিকল্পনা তড়িঘড়ি বদলানো হয়। সূত্রের খবর, মাঠের পানীয় জল এবং টিম বাসের ভাড়াও গুনতে হচ্ছে ইস্ট বেঙ্গলকেই। ফেডারেশনের কোনও দায় নেই। গোয়া ফুটবল সংস্থাও নির্বিকার। এদিকে, ম্যাচের সম্প্রচার জট কাটানোর প্রয়াস চলছে পুরোদমে। ফাতোরদায় খেলবে মোহন বাগান। তার সম্প্রচার নিয়ে কোনও জটিলতা নেই। শোনা যাচ্ছে বাম্বোলিমে ইস্ট বেঙ্গল ম্যাচের লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতাও কাটতে চলেছে।
শনিবার সুপার কাপের উদ্বোধন। প্রথম ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে নামছেন মিগুয়েলরা। প্রথম একাদশে ৬ বিদেশি খেলানোর সুযোগ থাকলেও কিছুটা দ্বিধায় অস্কার। ম্যাচের আগের দিন দল বাছবেন স্প্যানিশ কোচ। তিনি নিজেও বেশ চাপে। ডুরান্ড কাপে অপ্রত্যাশিত হারের পর শিল্ড ফাইনালেও ব্যর্থ ব্রুজোঁর মেশিনারি। সুপার কাপ ইস্ট বেঙ্গল কোচের লিটমাস টেস্ট। সন্দীপ বিতর্ক ঝেড়ে বড় জয় তুলে নেওয়াই থিঙ্কট্যাঙ্কের লক্ষ্য। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল নক-আউটে পৌঁছোবে। সেক্ষেত্রে ৩ পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্যও বড় ফ্যাক্টর। বাম্বোলিম স্টেডিয়ামে তাই আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান অস্কার ব্রুজোঁ। বিশেষ করে মাঝমাঠের শেপ বজায় রাখা তাঁর লক্ষ্য। সাউল, রশিদ ও মিগুয়েলের ত্রিভুজ ছন্দে থাকলে চিন্তা কমবে স্প্যানিশ কোচের। মশালবাহিনীর আসল শক্তি মাঝমাঠ। মিডল করিডর কব্জা করে প্রতিপক্ষকে টেক্কা দিতে চায় টিম ম্যানেজমেন্ট। জাপানি হিরোশি ও মরক্কান হামিদের উপরেও নজর থাকবে। শিল্ড ফাইনালে লক্ষ্যভেদ করেছিলেন হামিদ। একটি শট পোস্টে প্রতিহত হয়। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গেমচেঞ্জার হতে পারেননি দীর্ঘদেহী হিরোশি। সুপার কাপ তাঁর প্রমাণের মঞ্চ। না হলে প্রশ্ন উঠবেই। গ্রুপে ইস্ট বেঙ্গল-মোহন বাগান ছাড়াও বাকি দুই দল ডেম্পো ও চেন্নাইয়ান। ডার্বির আগে চেন্নাইয়ানের বিরুদ্ধে খেলবে অস্কার ব্রিগেড।