নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুয়াশার চাদর নিয়ে নামছে সন্ধ্যা। ইস্ট বেঙ্গলের অনুশীলন শেষে সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ড ছাড়ার সময় কয়েকজন সাংবাদিককে দেখে দাঁড়াল কোচের গাড়ি। প্রস্তুতি কেমন চলছে? প্রশ্নটা শুনেই মুখে স্প্যানিশ প্রশিক্ষকের স্বস্তির হাসি। অস্কার ব্রুজোঁর জবাব, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আনোয়ার স্কোয়াডে যোগ দিয়েছে। সাউলও আগের চেয়ে ফিট। দীর্ঘদিন পর ফুল স্কোয়াড পেয়েছি। অনুশীলনও চলছে জোরকদমে।’
মঙ্গলবার ইস্ট বেঙ্গলের অনুশীলনে সবার নজর ছিল সাউল ক্রেসপোর দিকে। কয়েকজন অনুরাগীও এসেছিলেন টিমকে উত্সাহ জোগাতে। কিন্তু রুদ্ধদ্বার অনুশীলন। দূর থেকেই দেখার চেষ্টা করছিলেন, সাউল প্র্যাকটিস করছে কি না? স্প্যানিশ মিডিওকে বল পায়ে দেখতেই সে কী আনন্দ। এদিন ওয়ার্ম-আপের পর কিছুক্ষণ পাসিং ফুটবল খেলেন সাউল। পরে অবশ্য সাইডলাইনে ফিরলেন রিহ্যাব করতে। যা খবর, তাতে আগামী কয়েকদিনের মধ্যেই ম্যাচ ফিট হয়ে যাবেন তিনি। উল্লেখ্য, এদিন অনুশীলনে পাসিং ফুটবলের পাশাপাশি ভেদশক্তি বাড়ানোয় জোর দিলেন ব্রুজোঁ। সম্ভাব্য প্রথম একাদশ ছাড়াও কয়েকজন ফুটবলারকে ডেকে থার্ডম্যান মুভমেন্টের মহড়া সারলেন। তখন অন্যগ্রুপে নিজের মধ্যে পাসিং ফুটবল, দূরপাল্লার শটের মহড়া দিচ্ছেন ডেভিড, মার্তান্ডে, এডমুন্ডরা। জয় গুপ্তাও পরে তাঁদের যোগ দিলেন। দলের অন্দরের খবর, পর্যাপ্ত প্র্যাকটিস ম্যাচের অভাব কিছুটা হলেও চিন্তায় রাখছে কোচকে। বৃহস্পতিবার গোয়ায় পৌঁছে যাচ্ছে দল। এখনও পর্যন্ত যা খবর, ডেম্পোর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সেমি-ফাইনালের আগে কোচ নাকি আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছেন। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।
এদিকে, সিকিম গভর্নর্স গোল্ড কাপে সার্ভিসেসের কাছে ০-১ ব্যবধানে হারল ইস্ট বেঙ্গলের রিজার্ভ দল। ম্যাচের একমাত্র গোলদাতা অভিষেক পাওয়ার। গ্যাংটকের পালজোড় স্টোডিয়ামের টার্ফে একেবারেই ম্রিয়মান বিনো ব্রিগেড। ফিটনেসে লাল-হলুদ ব্রিগেডকে টেক্কা দিল সার্ভিসেস। জেসিন সহ ইস্ট বেঙ্গলের একাধিক ফুটবলার চোট পেয়েছেন।