সংবাদদাতা, উলুবেড়িয়া: দু’মাসের মধ্যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশ মেনে পথে নামল শ্যামপুর ১ ব্লক প্রশাসন। মঙ্গলবার শ্যামপুর ১ ব্লকের বিডিও তন্ময় কার্জি ও শ্যামপুর থানার পুলিস একযোগে শ্যামপুর মোড় এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামে। শ্যামপুর মোড়ে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের আগামী দু’দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যস্ত শ্যামপুর মোড় থেকে একটি রাস্তা চলে গিয়েছে গাদিয়াড়ায়। অন্য একটি রাস্তা গিয়েছে শিবগঞ্জে। আবার উলুবেড়িয়া ও বাগনান থেকে দুটি রাস্তা এসে মিশেছে এখানে। এছাড়াও এই মোড়ের কয়েক মিটারের মধ্যেই আছে শ্যামপুর উচ্চ বিদ্যালয়, শ্যামপুর থানা সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান। ফলে সব সময় জমজমাট থাকে এই এলাকা। এই এলাকাতেই রাস্তাগুলির ফুটপাত দখল করে ব্যবসা করছেন একশ্রেণির ব্যবসায়ী। ফলে পথচলতি মানুষ থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সকালে অফিস টাইমে এবং সন্ধ্যাবেলা এই সমস্যা তীব্র হয়।
ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার আসরে নামে শ্যামপুর ১ ব্লক প্রশাসন। বিডিও নিজে ফুটপাতে ব্যবসা করা ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করার কথা বলেন। বিডিও তন্ময় কার্জি জানান, ব্যবসায়ীদের আগামী দু’দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার কথা বলা হয়েছে।