নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘটনাস্থল বালুরঘাটের এসপি অফিস। রোলারে চালকের আসনে পাশাপাশি বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কয়েক লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপের উপর রোলার চালিয়ে ধংস করলেন খোদ মুখ্যমন্ত্রী। ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর সফরে গিয়ে পুলিশের শীর্ষকর্তাদের উপস্থিতিতে সাধারণ মানুষের সামনে এভাবে মাদক ধ্বংস করে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই ধারা বজায় রেখে, রাজ্যজুড়ে বাজেয়াপ্ত হওয়া মাদক দ্রুত জনসমক্ষে ধ্বংস করতে নির্দেশ দেওয়া হল। পাশাপাশি এই সংক্রান্ত রিপোর্ট দ্রুত পাঠাতে হবে। এরাজ্যের সমস্ত জেলার এসপি, পুলিশ কমিশনার সহ সব পুলিশ ইউনিটকে এই নির্দেশ দিলেন অ্যান্টি নারকোটিক টাস্কফোর্সের (এএনটিএফ) আইজি রাজেশ যাদব।
নির্দেশিকায় বলা হয়েছে, গত ৩০ জুলাই সুপ্রিম কোর্ট জাজেস কনসালটেটিভ কমিটি বা এসসিজেসিসি-র বৈঠকে হওয়া সিদ্ধান্ত অনুসারে, ১৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলকাতা পুলিশ, এসটিএফের পাশাপাশি রাজ্য পুলিশের সমস্ত ইউনিটকে আইন মেনে মাদক মামলায় বাজেয়াপ্ত হওয়া মাদক নষ্ট করতে বিশেষ অভিযানে চালাতে হবে। পাশাপাশি যদি আদালতের নির্দেশে কোনো মামলার ক্ষেত্রে মাদক ইতিমধ্যে ধ্বংস করা হয়ে থাকে তাও রিপোর্ট দিতে বলা হয়েছে। লালবাজার সূত্রে খবর, অ্যান্টি নারকোটিক টাক্সফোর্সের এই লিখিত নির্দেশিকা পাওয়ার পর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) কলকাতার সমস্ত ডিভিশনের ডিসিদের পাশাপাশি কলকাতা পুলিশের এসটিএফকে এনিয়ে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, রাজ্যের সব জেলা এবং পুলিশ জেলার এসপিরা এনিয়ে পদক্ষেপ করছেন বলে জানা গিয়েছে।