নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পত্তির অধিকার বা পজেশন মিললেও সেই সম্পত্তির মালিকানা হস্তান্তর পত্র বা ‘ডিড অফ কনভেয়ান্স’ পেতে রীতিমতো কালঘাম ছুটছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-এর আওতাভুক্ত সম্পত্তির ক্ষেত্রে অনেকেই এই সমস্যায় পড়ছেন। উপায় না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। কসবা, পাটুলি, রাজডাঙা ইত্যাদি এলাকায় এই সমস্যা প্রকট। যেমনটা ঘটেছে কসবা পূর্বাশা এলাকার বাসিন্দা শুভ্র চক্রবর্তীর ক্ষেত্রেও। ১৬ বছর আগে সম্পত্তির পজেশন মিললেও মেলেনি মালিকানা হস্তান্তর পত্র। বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
মামলাকারীর আইনজীবী সুশান্ত পাল জানিয়েছেন, কেএমডিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি গ্যারাজের জায়গাসহ একটি ফ্ল্যাটের জন্য আবেদন জানিয়েছিলেন শুভ্র। সম্পত্তি অ্যালটমেন্ট হওয়ার পর চুক্তি বাবদ যাবতীয় অর্থ বা ‘কনসিডারেশন মানি’ মিটিয়ে দিয়েছিলেন তিনি। এরপর কেএমডিএর তরফে ওই ফ্ল্যাটের পজেশন দিয়ে দেওয়া হয় শুভ্রবাবুকে। ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি পজেশন সার্টিফিকেটও হাতে পান তিনি। এরপর ব্যক্তিগত কারণে তিনি ওই ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর পত্র বা ‘ডিড অফ কনভেয়ান্স’-এর জন্য আবেদন করতে দেরি করে ফেলেছিলেন। অভিযোগ, পরবর্তীতে মালিকানা হস্তান্তর পত্রের জন্য আবেদন জানালেও তা দিতে গড়িমসি করতে থাকে কেএমডিএ কর্তৃপক্ষ। শেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
সম্প্রতি বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে মামলার শুনানিতে কেএমডিএর তরফে দাবি করা হয়, মামলাকারীর সম্পত্তি ইজারা দলিল বা ‘ডিড অফ লিজ’ হিসাবে রেজিস্ট্রেশন করা সম্ভব। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে মামলাকারীর আইনজীবী সুশান্ত পাল দাবি করেন, ‘বিজ্ঞপ্তি অনুযায়ী ওই ফ্ল্যাট বা সম্পত্তিটির পজেশন দেওয়ার পর ডিড অফ কনভেয়ান্স হিসাবে রেজিস্টার্ড হওয়ার উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও কেএমডিএ কর্তৃপক্ষ এখন সেটি ডিড অফ লিজ হিসাবে রেজিস্ট্রেশনের কথা বলছে।’ সব পক্ষের বক্তব্য শোনার পর মূল বিজ্ঞপ্তির প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি নির্দেশে জানিয়ে দেন, ওই সম্পত্তি ‘ডিড অফ লিজ’ হিসাবে রেজিস্ট্রেশনের উল্লেখ নেই। সেটি ‘রেজিস্টার্ড ডিড অফ কনভেয়ান্স’ হিসাবেই অনুমোদন দিতে হবে। কর্তৃপক্ষ তথা কেএমডিএকে ২ মাসের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলেছে আদালত। এই রায়ের ফলে ওই এলাকায় অনেক মানুষ উপকৃত হবেন বলে মনে করছে আইনি মহল।



