নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড পুনর্বিন্যাস হয়েছে। তারপর পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯। কিন্তু বর্তমানে আইনি জটিলতায় আটকে রয়েছে এই প্রশাসনিক সিদ্ধান্ত। নির্বাচিত পুরবোর্ড ছাড়া প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর কীভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্ট। কিন্তু তাতে কী! ওয়ার্ড সংখ্যা ২০৯ হচ্ছে ধরে নিয়েই যাবতীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছে পুর কর্তৃপক্ষ। ওয়ার্ড সংখ্যা বাড়লে সমসংখ্যক কাউন্সিলার বাড়বে। তাঁদের প্রত্যেকের বসার ব্যবস্থা করতে হবে পুরভবনের ঐতিহ্যশালী কাউন্সিল চেম্বারে (অধিবেশন কক্ষ)। তারই তোড়জোড় চলছে জোরকদমে।
এই কাজের খরচ ধরা হয়েছে প্রায় ৩১ লক্ষ টাকা। বর্তমানে পুরসভার কাউন্সিল চেম্বারে চেয়ারম্যানের আসন ছাড়া ১৪৩টি চেয়ার রয়েছে। তৈরির কাজ চলছে আরও ৬৫ জন কাউন্সিলারের বসার মতো। তাই বিরোধীরা প্রশ্ন তুলেছে, বিষয়টি যেখানে এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে অধিবেশন কক্ষ কেন আগেভাগে বদলে ফেলা হচ্ছে? প্রাক্তন মেয়র পারিষদ তথা মমতাপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের আগেই এরা সব সেরে ফেলতে চাইছে! এত তাড়াহুড়ো করে ডিলিমিটেশন কেন, সেটাই তো জিজ্ঞাসা করেছে সুপ্রিম কোর্ট। এখন দেখছি, কার্যত গোপনে অধিবেশন কক্ষের আসন বাড়ানো হচ্ছে। পরবর্তী শুনানিতে আমরা বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনব।’ প্রাক্তন বাম কাউন্সিলর তথা সিপিআই নেত্রী মধুছন্দা দেব বলেন, ‘ডিলিমিটেশনের গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়েছে। তার মধ্যে এভাবে অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি করা যায় না। এটাও তো বেআইনি।’



