নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিরোধীরা নিজেদের জায়গা ধরে রাখতে পারছে না। এজন্য পাবলিক বা আমরা দায়ী নই। সোমবার শিলিগুড়িতে প্রাতঃভ্রমণের ফাঁকে একথা বলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে তাঁর দাবি, বিধানসভা উপ নির্বাচনে মানুষ বিজেপির সঙ্গেই থাকবে। এদিকে কালিম্পং পঞ্চায়েতমন্ত্রীকে কাছে পেয়ে রেগুলেটেড মার্কেটের জমি দখলের অভিযোগ করেন স্থানীয়রা। পাশাপাশি তাঁদের অভিযোগ, জায়গাটি নেশাখোড়দের আখড়া হয়ে উঠেছে। এব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পঞ্চায়েতমন্ত্রী। আজ, মঙ্গলবার তিনি শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট পরিদর্শন করবেন।
গত শনিবার উত্তরবঙ্গ সফরে আসেন পঞ্চায়েতমন্ত্রী। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা পরিদর্শন করে রবিবার ফেরেন শিলিগুড়িতে। ইতিমধ্যে জেলাগুলির সঙ্গে একাধিক মিটিংও করেছেন। এদিন সকালে তিনি শিলিগুড়ি কলেজের সামনে প্রাতঃ ভ্রমণ করেন। তাঁর সঙ্গে দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল, দলের রাজ্য কমিটির কোষাধ্যক্ষ প্রবীণ আগরওয়াল প্রমুখ ছিলেন। প্রাতঃভ্রমণের পর সাধারণ মানুষের সঙ্গে বসে চাও খান। এরই মধ্যে তিনি সাংবাদিকদের কাছে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া জানান।
সম্প্রতি এক প্রার্থী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রার্থীপদ প্রত্যাহার করেন। এই ইস্যুতে ওয়াকিবহল মহলের বক্তব্য, ‘বিরোধী-শূন্য রাজনীতি গণতন্ত্রের জন্য ভালো নয়’। এর জবাবে পঞ্চায়েতমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছেন। যথেষ্ট সংখ্যায় বিরোধীদের জায়গা দিয়েছেন। এখন বিরোধীরাই যদি নিজের জায়গা ধরে রাখতে না পারে, নিজের রোল প্লে না করতে পারে, তার জন্য পাবলিক দায়ী নয়, আমরাও দায়ী নই। মানুষ আমাদের সরকারে থেকে উন্নয়ন করার কাজ দিয়েছে। বিরোধীরা নিজেরা লড়াই না করলে তার দায় কে নেবে?
যাদবপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য এবং সিপিএম পার্টি অফিস ভাঙার অভিযোগ নিয়ে দিলীপের বক্তব্য, আমরা প্রশাসন চালিয়ে মানুষকে পরিষেবা দিতে চাই। বিজেপি সেই কাজেই লেগে আছে। যাদের কাজ নেই, তারাই ভাঙাভাঙি করছে।
এরপর কালিম্পংয়ে পাড়ি দেন পঞ্চায়েতমন্ত্রী। তিনি সেখানে সিএডিসির একটি ভবনের উদ্বোধন করেন। সেখানে মহিলাদের স্বশক্তিকরণের বার্তা দেন। এরপর রেগুলেটেড মার্কেট পরিদর্শন করেন।