রাতের অভিযানে পুলিশের বড়সড় সাফল্য, মাদক সহ গ্রেপ্তার ১ যুবক
  • ৭ নভেম্বর, ২০২৬ ১২:০৭
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: রাজ্য সড়কে ওত পেতে বসে ছিল পুলিশ। সেটা ঘুণাক্ষরেও টের পায়নি অভিযুক্ত। গোপন সূত্রে এক যুবকের কাছে গাঁজা থাকার খবর পেয়েছিল তদন্তকারী দল। আর ঠিক সেই সূত্র ধরেই সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করল ময়ুরেশ্বর থানার পুলিশ। অভিযুক্তর কাছ থেকে ১ কেজি ২১৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।  

Advertisement

জানা গিয়েছে, গতকাল রাতে এসএইচ-১১ রাজ্য সড়কের মহিষা টাওয়ার এলাকায় তল্লাশি চালাচ্ছিল তদন্তকারী দল। সেখানেই অভিযুক্তকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। তৎক্ষণাৎ ওই যুবককে গ্রেপ্তার করে তদন্তকারীরা। অভিযুক্তের নাম সাগর মাল (২৪)। তার বাড়ি ময়ুরেশ্বর থানার বারুটিয়া গ্রামে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আর অন্য কেউ এই মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি কলকাতা থেকেও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই ঘটনায়ও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যে মাদক পাচারের পরিমাণ দিন দিন বাড়ছে। সেই কারণেই তৎপর হয়েছে প্রশাসন।