বিজেপির উপর চাপ বাড়াতে ফের  পথে নামছে বিরোধীদের মহাজোট
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ফের পথে নামছে বিজেপি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’। গত ১ নভেম্বর রাজধানীর রামলীলা ময়দানে সফল জনসভার পর এবার গন্তব্য ভোপাল। আগামী ১২ ডিসেম্বর। তারপর মোদি-শাহর রাজ্য‌ গুজরাতের আমেদাবাদ। তারিখ এখনও চূড়ান্ত না হলেও আগামী ১৯ ডিসেম্বর তা হতে পারে বলে বিরোধীদের প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে। ১৫ জানুয়ারির পর বৈঠক হতে পারে কলকাতায়। এই খবর সামনে আসার পর থেকেই সরগরম বঙ্গ রাজনীতির ময়দান। জানুয়ারির কবে, কোথায় বৈঠক হবে, তা নিয়েও আলাপ-আলোচনা শুরু হয়েছে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই কলকাতাকে বেছে নিয়ে এমন একটি বৈঠকের জন্য মহাজোট ইন্ডিয়ার নেতৃত্ব যেভাবে তোড়জোড় শুরু করেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। বাংলার পর অসমেও বিরোধী জোটের বৈঠক হতে পারে খবর। জানা যাচ্ছে, কোনোভাবেই জ্ঞানেশ কুমার ও মোদি সরকারকে স্বস্তিতে থাকতে দেবে না বলে রণকৌশল সাজাচ্ছে বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’। তাই বিজেপি শাসিত রা঩জ্যগুলিতে প্রতিবাদ মিছিল, সভা করে প্রধানমন্ত্রীর ঘুম কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেস-সমাজবাদী পার্টির মধ্যে আসন রফা নিয়ে জটিলতা দেখা দিলেও ভোট চুরি ইস্যুতে একই মঞ্চে থাকবেন দুই দলের শীর্ষ নেতারা। আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। তাই বিরোধীদের একাংশ সেখানেও ভোট চুরি ইস্যুতে জনসভার পক্ষে। কেউ কেউ নরেন্দ্র মোদির নির্বাচনি কেন্দ্র বারাণসীর বুকেই ওই সভা করার প্রস্তাব দিয়েছেন।

Advertisement

বিরোধীদের এক নেতা বৃহস্পতিবার বলেন, ‘মোদি-শাহ আর তাঁদের বোড়ে জ্ঞানেশ কুমার যদি ভেবে থাকেন, মহাজোট ইন্ডিয়া চুপ করে গিয়েছে, তাহলে ভুল ভাবছেন। উৎসব পর্ব চলছিল বলে সাময়িক বিরতি। ফের মাঠে নামছে বিরোধীরা। ভোট চুরি ইস্যুতে জ্ঞানেশ কুমারের শাস্তি না হওয়া পর্যন্ত বিবোধীরা থামবে না।’ সূত্রের খবর, ২০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শান্ত থাকবে বিরোধী শিবির। তারপর ফের তেড়েফুঁড়ে নামা হবে। রাজপথের পাশাপাশি সংসদেও ভোট চুরি ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করা হবে। 
বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়... একের পর এক রাজ্যে ভোটার তালিকায় গোলমাল করেই বিজেপি জিতেছে ব঩লে অভিযোগ কংগ্রেসের। সেই দাবিতে সহমত পোষণ করেছে তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি (শারদ পাওয়ার), উদ্ধবপন্থী শিবসেনা, সিপিএম, সিপিআই। ভোট চুরি ইস্যুতে যেভাবে ফের মোদি বিরোধীরা একজোট হয়েছে, তা আগামী ২০২৯ অটুট রাখতে চান রাহুল গান্ধী। ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথাও বলছেন তিনি। শারদ পাওয়ার অসুস্থ হয়ে ফের হাসপাতালে। তাই পাওয়ার-কন্যা সুপ্রিয়া সুলেকে ফোন করেন রাহুল। উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিরোধী জোটের অবস্থানও ঝালিয়ে নেন। দিল্লিতে কংগ্রেসের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে কথা হচ্ছে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েনের। মহাজোট অটুট রেখে মোদি বিরোধী আন্দোলন জোরদার করাই এখন লক্ষ্য ‘ইন্ডিয়া’র।