নয়াদিল্লি, ৭ মে: পহেলগাঁও হামলার বদলা নিল ভারত। মাঝরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক এলাকায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এই বিশেষ অভিযানের নাম ‘অপারেশন সিন্দুর’ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতের মাটি থেকেই পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে ভারতীয় সেনা সূত্রে। তবে পাক সেনার কোনও ঘাঁটিতে হামলা চালানো হয়নি বলেই ভারতের তরফে জানানো হয়েছে। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ জনকে নৃশংসভাবে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার সংগঠন টিআরএফের জঙ্গিরা। তারপর থেকেই সেই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিস। পহেলগাঁও হামলার বদলা নেওয়ার দাবি জোরালো হচ্ছিল দেশে।



